টিসিবির পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি বাসদের

জাতীয় প্রেসক্লাব এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাসদছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে টিসিবির পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এক বিক্ষোভ-সমাবেশে বাসদ নেতারা বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে রেশনিং ব্যবস্থা চালু করে বাজার মনিটরিং জোরদার করতে হবে। মুনাফাখোর-মজুতদারদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। বাসদ নেতারা বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাব এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন বাসদ নেতারা।

‘ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ, কর্তৃত্ববাদী সরকার উচ্ছেদ ও গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা’র দাবিতে ২৮ মার্চ ডাকা হরতাল সফলের আহ্বান জানিয়ে এ কর্মসূচির আয়োজন করে বাসদ।

সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সরকারের দুর্নীতি-দুঃশাসনে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। দেশে দুঃসহ অবস্থা বিরাজ করছে। জনগণ গণ-অভ্যুত্থানে গণবিরোধী সরকারের বিদায়ের অপেক্ষায় আছে।

সমাবেশে বক্তারা বলেন, ইতিমধ্যে বাসভাড়া ২৭ শতাংশ, লঞ্চভাড়া ৩৫-৪৬ শতাংশ, পানির দাম ৩১ শতাংশ এবং শিক্ষাব্যয়ও বেড়েছে। বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, পানির দামও গত ১০ বছরে সর্বোচ্চ ৯০ শতাংশ, ১৪৪ শতাংশ, ৮২ শতাংশ ও ২৬৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর সঙ্গে চাল, ডাল, তেল, পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ টিসিবির সামনে হুমড়ি খেয়ে পড়ছে।

এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রীয় বাণিজ্য বাড়ানো, গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ২০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও নারী নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিও জানানো হয়েছে।

সমাবেশে বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সদস্য জুলফিকার আলী, নগর কমিটির সদস্য আহসান হাবিব বুলবুল ও খালেকুজ্জামান বক্তব্য দেন।