ছাত্রদলের পদবঞ্চিত ও ‘বিদ্রোহীরা’ গতকাল বুধবারও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। পরে বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিনের (টুকু) ‘কুশপুত্তলিকায়’ তাঁরা আগুন দেন।
বেলা তিনটায় ছাত্রদলের ‘বিদ্রোহী’ নেতারা কয়েক শ কর্মী-সমর্থক নিয়ে মিছিলসহ নয়াপল্টনে আসেন। মিছিল দেখে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কর্মচারীরা নিচের ফটকে তালা আটকে দেন। পরে বিদ্রোহীরা কার্যালয়ের ফটকে বিক্ষোভ ও সমাবেশ করেন। এ সময় ছাত্রদলকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দৃষ্টি কামনা করেন বিদ্রোহীরা। তাঁরা শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) ও সুলতান সালাউদ্দিনকে ছাত্রদলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।
‘বিদ্রোহী’ নেতা আনিসুর রহমান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবির বিষয়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকে কোনো ইঙ্গিত না পেলে আগামীকাল (আজ বৃহস্পতিবার) থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।’