টেকনাফে আ.লীগ নেতার খুনিদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে টেকনাফ বাসস্টেশন এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ওই সমাবেশ হয়।
৪ জুলাই রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মেম্বারকে (৬৮) গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তাঁর ছেলে মামলা করেছেন। মামলায় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজম উল্লাহকে ১ নম্বর আসামি করা হয়েছে।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মো. আলী, সহসভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বশর, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।