টেকনাফে ছয় ইউপিতে আ.লীগের ১০ 'বিদ্রোহী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১০ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
গতকাল মঙ্গলবার জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলার ছয়টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত নারী সদস্য ৭৭ ও সাধারণ ওয়ার্ডে ৩৮৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২২ মার্চ ছয়টি ইউপিতেই ভোট গ্রহণ করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোয়াইক্যং ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। একজন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম। অন্যজন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর চৌধুরী। কিন্তু এর আগে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় ফরিদুল আলমকে।
এ বিষয়ে আলমগীর চৌধুরী বলেন, ‘দলীয় প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া সঠিক হয়নি। তাই বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি।’
হ্নীলা ইউপিতে মনোনয়নপত্র দাখিল করেন দলের তিনজন। তাঁরা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ ও তাঁর ছোট ভাই রাশেদ মোহাম্মদ আলী। তাঁদের মধ্যে দলীয় মনোনয়ন দেওয়া হয় এইচ কে আনোয়ারকে।
মাহবুব মোর্শেদ বলেন, ‘দলের জন্য আমরা কী না করেছি। আমার বাবা ১৯৯৬ সালে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আমি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছি। কিন্তু আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এতে এলাকার মানুষ হতাশ। তাই প্রার্থী হয়েছি।’
বাহারছড়া ইউপিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের তিনজন প্রার্থী। তাঁরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য রফিক আলম ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল্লাহ। দলের মনোনয়ন পেয়েছেন আজিজ উদ্দিন।
রফিক আলম বলেন, ‘দল আমাকে মূল্যায়ন করেনি। তাই বিদ্রোহী হিসেবে মনোনয়ন দাখিল করেছি।’
টেকনাফ সদর ইউপিতে মনোনয়নপত্র দাখিল করেন তিনজন। তাঁরা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলমের দুই ছেলে শাহাজাহান মিয়া ও দিদারুল আলম। দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল নুরুল আলমকে।
সাবরাং ইউপিতে মনোনয়নপত্র জমা দেন দলের তিনজন। তাঁরা হলেন শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন ও সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ হোসেন। দলের মনোনয়ন পেয়েছেন সোনা আলী।
সেন্ট মার্টিন ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান। সেখানে বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর আহমদ।
নুর আহমদ বলেন, ‘প্রভাবিত হয়ে অযোগ্যদের দলের মনোনয়ন দেওয়া হয়েছে। এতে এলাকার মানুষ ক্ষুব্ধ। তাই বিদ্রোহী প্রার্থী হয়েছি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে যোগ্যতা নেই এমন ব্যক্তিদের দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ায় সবকটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। যোগ্য প্রার্থী মনোনয়ন না দিলে ফলাফলে বিপর্যয় দেখা দিতে পারে।