টেকসই উন্নয়নে দক্ষিণ এশিয়ার নেতারা প্রস্তুত নন
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত কোনো উদ্যোগ নেই। রাজনৈতিক কোনো আকাঙ্ক্ষাও নেই। সামগ্রিকভাবে টেকসই উন্নয়নে এ অঞ্চলের রাজনৈতিক নেতারা প্রস্তুত নন। শক্তিশালী দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব ও অবিশ্বাসের কারণে সার্ক কাঠামো দুর্বল হয়েছে। তাই সার্কভুক্ত দেশগুলো বিভিন্ন ধরনের উপ-আঞ্চলিক সহযোগিতা-ব্যবস্থায় ঝুঁকছে। আবার দক্ষিণ এশিয়ার অনেক দেশে গণতন্ত্রের চর্চার অভাব রয়েছে।
গতকাল শনিবার শুরু হওয়া নবম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচকেরা এসব কথা বলেন। তাঁরা মনে করেন, এ অবস্থায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতার কৌশলে নতুন বা পুনর্ভাবনা আনতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত করার মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম করতে হবে। উন্নয়ন টেকসই করতে সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে আলোচকেরা আঞ্চলিক সহযোগিতার প্রক্রিয়ায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে, বিশেষ করে সুশীল সমাজের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করেন।
বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) দুদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। দুপুরে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও সকালেই কর্ম অধিবেশন শুরু হয়। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
প্রথম অধিবেশনের বিষয়বস্তু ছিল, ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতৃত্ব কি প্রস্তুত? এ বিষয়ে আলোচনায় রাজনৈতিক নেতাদের ভূমিকার পাশাপাশি সার্কের দুর্বল কাঠামোর কথাও উঠে আসে। কেউ বলেছেন, এ অঞ্চলের দেশগুলো শুধু সন্ত্রাসে সহযোগিতা করেছে। টেকসই উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসন—এ তিনটি বিষয়ে সহযোগিতার ক্ষেত্র হতে পারে। আবার অনেকে বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বিতভাবে এসডিজি অর্জনে কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। প্রথম অধিবেশনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এতে সার্কভুক্ত দেশের মন্ত্রী, সাংসদ, নীতিনির্ধারক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি ও সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, এসডিজি অর্জনে রাজনৈতিক নেতাদের সহযোগিতা দরকার। কিন্তু দক্ষিণ এশিয়ার নেতারা প্রস্তুত—এ নিয়ে প্রশ্ন আছে। তিনি মনে করেন, টেকসই উন্নয়নে দক্ষিণ এশিয়ায় প্রধান চ্যালেঞ্জ হলো দ্বন্দ্ব-সংঘাত এবং রাজনৈতিক অসহযোগিতা। সমস্যার মূলে গিয়ে সমাধান খুঁজতে হবে।
সাবের হোসেন চৌধুরীর মতে, এ অঞ্চলের দেশগুলো এসডিজি অর্জন করতে পারবে না, যদি পরিবেশের ওপর গুরুত্ব না দেয়। সুশাসন প্রতিষ্ঠায় বাড়তি নজর দিতে হবে। তিনি আরও বলেন, দ্রুত প্রবৃদ্ধির অঞ্চল দক্ষিণ এশিয়া বিশ্বের অর্থনৈতিক শক্তির প্রাণকেন্দ্র হতে পারে। দক্ষিণ এশিয়ায় প্রায় ৪০ কোটি তরুণ-তরুণী আছেন, যাঁদের কাজে লাগানোর জন্য এ অঞ্চলের দেশগুলো পারস্পরিক সহযোগিতার হাত প্রসারিত করতে পারে।
সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভূরাজনৈতিক ব্যবস্থা যেন এ অঞ্চলের জনগণকে বঞ্চিত না করে। নিজের দেশেই মানুষের মানবাধিকার নেই। সার্কের অকার্যকারিতার উদাহরণ টেনে তিনি বলেন, সার্কের মতো ফোরামে দ্বিপক্ষীয় রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয় না। কোনো বৈঠকে আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা—এসব নিয়ে আলোচনা হয় না। এটি একটি বড় চ্যালেঞ্জ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরস্পরকে সম্পৃক্ত করতে হলে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলতে হবে।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের অভিজ্ঞতার আলোকে এসডিজির সাফল্য তিনটি বিষয়ের আঞ্চলিক সহযোগিতার ওপর নির্ভরশীল বলে মনে করেন শ্রীলঙ্কার বিশেষ দায়িত্বপ্রাপ্ত (স্পেশাল অ্যাসাইনমেন্ট) মন্ত্রী শরথ আমুনোগামা। এগুলো হলো টেকসই অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ তিনটি বিষয়েই সহযোগিতা কম। দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়ে আঞ্চলিক সম্পর্কের ওপর বেশি জোর দেওয়া উচিত। তাঁর মতে, সবাই শুধু নিজের দেশের উন্নতির কথা বলেন। এ আলোচনা সীমান্ত পেরিয়ে অন্য দেশের মানুষের সঙ্গেও হওয়া উচিত। বিনিয়োগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাজার—এ তিনটি বিষয়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র হওয়া উচিত। এ অঞ্চলের মানুষ দেখতে চায় সার্ক কার্যকর হয়েছে। এ জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, গণতন্ত্র ও সুশাসন—এ তিন ক্ষেত্রে নজর দেওয়া উচিত।
সার্কের ব্যর্থতায় হতাশা প্রকাশ করে ভারতের সাংবাদিক, মিডিয়াস্ক্যাপ (প্রা.) লিমিটেডের প্রধান সম্পাদক শেখর গুপ্ত বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন অন্য অঞ্চলের দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বেশি আগ্রহী। মধ্য এশিয়ার দিকে আফগানিস্তান, পূর্ব এশিয়ার দিকে ভারত এবং চীনের সঙ্গে পাকিস্তান বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এখন বিধাতাই জানেন সার্কের জন্য তিনি কী রেখেছেন।’
দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট বিশ্লেষণ করে শেখর গুপ্ত বলেন, এখানকার ৯০ শতাংশ জনগোষ্ঠী ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে বাস করে। তারাই এ অঞ্চলের বিগ ব্রাদার বা বড় ভাই। এই বড় ভাইদের জন্য অপেক্ষাকৃত কম ঝামেলাপূর্ণ দেশগুলো ভোগে। তারপরও উপ-আঞ্চলিক সহযোগিতার চেয়ে সার্ক অপেক্ষাকৃত উত্তম সহযোগিতার ক্ষেত্র।
সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। এ প্রসঙ্গে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য রানা মোহাম্মদ আফজাল খান বলেন, রাজনৈতিক কারণে সম্মেলনটি স্থগিত হওয়ায় এ অঞ্চলের মানুষ হতাশ। কিন্তু সম্মেলন বন্ধ হয়ে যায়নি। তবে পাকিস্তানের উন্নতি প্রসঙ্গে রানা মোহাম্মদ আফজাল খান বলেন, সন্ত্রাস মোকাবিলায় ২০১৩ সাল থেকে পাকিস্তানে শত শত কোটি ডলার খরচ হচ্ছে। গত তিন বছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি প্রায় ৬৩ শতাংশ। বর্তমান আইনসভায় ৩০ শতাংশ নারী সদস্য। নিজের পরিবর্তন না হলে পাশের দেশের পরিবর্তন হবে না।
আফগানিস্তানের অর্থমন্ত্রীর উপদেষ্টা নাজির কবিরি বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে শুধু ‘সন্ত্রাস’-এর সহযোগিতা হয়েছে। সন্ত্রাসের কারণে এ দেশগুলোর মধ্যে সত্যিকার সহযোগিতার ক্ষেত্র উন্মোচন হচ্ছে না। সহযোগিতা ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি মনে করেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সম্পদ হলো আফগানিস্তান। এই আফগানিস্তানই দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করছে।
নেপাল অর্থনীতি সমিতির সভাপতি বিশ্বম্ভর পায়াকুরিয়েল মনে করেন, অবিশ্বাসের কারণে আঞ্চলিক সহযোগিতা বাড়ছে না। সার্ক সম্মেলনে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু বাস্তবে তা কার্যকর হয় না। তাঁর মতে, ব্যবসা সম্প্রসারণই আঞ্চলিক সহযোগিতার মূল বিষয় হতে হবে।
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলো ঐক্যবদ্ধ হতে এখনো প্রস্তুত নয়—এ মন্তব্য করেছেন ভুটানের জাতীয় পরিষদের সদস্য চৈইদা জেমসু। তিনি বলেন, এটি দুর্ভাগ্যজনক। তাঁর মতে, রাজনৈতিক দ্বন্দ্ব ও অবিশ্বাসের কারণে সার্ক কার্যকর হচ্ছে না।
অধিবেশনের সঞ্চালক দেবপ্রিয় ভট্টাচার্য আলোচনায় উঠে আসা ইস্যুগুলো তুলে ধরে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। সার্ক কাঠামো দুর্বল হওয়ার অন্যতম উদাহরণ হলো ইসলামাবাদ সম্মেলন স্থগিত হওয়া। এ ছাড়া সার্কভুক্ত দেশগুলো অন্য অঞ্চলের সঙ্গে সম্পর্কের দিকে ঝুঁকে পড়ছে। এখন আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে পুনর্ভাবনা বা রিকনসেপচুয়ালাইজেশন করা দরকার। সব দেশের সামনে একটি অভিন্ন লক্ষ্য থাকতে হবে, তা না হলে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।
>দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনে বক্তারা
শক্তিশালী দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব ও অবিশ্বাসের কারণে সার্ক কাঠামো দুর্বল হয়েছে
সার্কভুক্ত দেশগুলো বিভিন্ন ধরনের উপ-আঞ্চলিক সহযোগিতা-ব্যবস্থায় ঝুঁকছ
দক্ষিণ এশিয়ার অনেক দেশে গণতন্ত্রের চর্চার অভাবও রয়েছে
মুক্ত আলোচনা: আলোচকদের নির্ধারিত বক্তব্যের পর শুরু হয় মুক্ত আলোচনা। এ আলোচনায় দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বিশিষ্ট আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন এ সময় বলেন, গত প্রায় ৭৫ বছর ধরে এ অঞ্চলের দেশগুলোর কোনো ভিশন বা লক্ষ্য ছিল না। ভবিষ্যৎমুখী পরিকল্পনায় এখন দারিদ্র্য বিমোচন ও বৈষম্য হ্রাস করাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাঁর মতে, এ অঞ্চলের প্রায় সব দেশেরই উপনিবেশবাদের অভিজ্ঞতা আছে। তাই প্রতিটি দেশের লক্ষ্যও এক হওয়া উচিত। টেকসই উন্নয়নের জন্য সব দেশের সহযোগিতা প্রয়োজন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সরকারি পর্যায়ের বাইরে বেসরকারি পর্যায়ে সহযোগিতার আহ্বান জানান দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। তাঁর ভাষায় এটি হলো ‘ট্র্যাক-২ আলোচনা’। তিনি বলেন, জনগণের ভালোমন্দ নিয়ে বেসরকারি খাতের আলোচনা হওয়া উচিত। তাঁর মতে, ভারত ও নেপাল সম্পর্কে ‘পেট্রো পণ্য’, কাশ্মীর নিয়ে পাকিস্তান-ভারত আলোচনা এবং স্বাধীনতা ইস্যু নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন, তা নিয়ে আলোচনা দরকার।
আলোচনায় আরও অংশ নেন সাংসদ আবুল কালাম আজাদ, নেপাল টেলিভিশনের বার্তা সম্পাদক শোভা শ্রেষ্ঠা, কলম্বো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ইন্দ্রজিৎ আপনসো, ইউনিস্কেপের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়া কার্যালয়ের প্রধান নাগেশ কুমার প্রমুখ।
দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলন মূলত বেসরকারি পর্যায়ের একটি উদ্যোগ। তবে আয়োজকেরা জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রী-সাংসদেরা বিভিন্ন অধিবেশনে অংশ নিচ্ছেন। সিপিডি এবারের সম্মেলনের মূল আয়োজক। সম্মেলনের সহ-আয়োজক হলো ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ (আরআইএস), পাকিস্তানের সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউট (এসডিপিআই), শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ অব শ্রীলঙ্কা (আইপিএস) এবং দক্ষিণ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনমিকস অ্যান্ড এনভায়রনমেন্ট (এসএডব্লিউটিইই)।
আজ রোববার দ্বিতীয় দিনে নয়টি সমান্তরাল অধিবেশনের পর আরও দুটি কর্ম অধিবেশন হবে। পরে সমাপনী অনুষ্ঠান হবে।