টেকসই উন্নয়নের জন্য চাই কার্যকর স্থানীয় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনি শংকর আয়ার
মনি শংকর আয়ার

ক্রমশ দুর্বল হয়ে পড়া স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন ভারতের তৃণমূল গণতন্ত্রের অন্যতম প্রবক্তা মনি শংকর আয়ার। তিনি বলেছেন, স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলোকে আরও স্বাধীন ও গণতান্ত্রিক উপায়ে পরিচালনা করা দরকার। এতে তৃণমূলে ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে সুষম উন্নয়ন নিশ্চিত হবে।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে স্থানীয় সুশাসন কর্মসূচি শরিক প্রকল্পের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনে মনি শংকর আয়ার এমন অভিমত তুলে ধরেন। দেশের ৪ জেলার ২৯ উপজেলা ও ২০৭টি ইউনিয়নে এই প্রকল্প পরিচালনায় কাজ করছে সুইজারল্যান্ডের উন্নয়ন সংস্থা সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি), হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।
দিনব্যাপী এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনি শংকর। তিনি ভারতের লোকসভা ও রাজ্যসভার সদস্য ছিলেন। কূটনীতিক ও পঞ্চায়েতরাজমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
প্রবীণ এই রাজনীতিক বলেন, তৃণমূল জনগণের ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন ও সবার জন্য ফলপ্রসূ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। কেবল কার্যকর স্থানীয় সরকারই পারে সেই ক্ষমতায়ন নিশ্চিত করতে। তিনি তৃণমূল পর্যায়ের মানুষকে ক্ষমতায়িত করতে শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে গণতন্ত্র ও উন্নয়ন প্রক্রিয়ায় নারীর যথাযথ ভূমিকা রাখার পরিবেশ তৈরির ওপর জোর দেন।
তৃণমূল গণতন্ত্রের অন্যতম এই প্রবক্তার ঘণ্টাব্যাপী বক্তব্যে ভারতের কয়েকটি রাজ্যের স্থানীয় সরকারব্যবস্থার পরিচালন পদ্ধতি, তাতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও প্রাপ্তির বিষয়গুলো উঠে আসে। তিনি বলেন, একটি দেশের প্রবৃদ্ধি বাড়লেও যদি সমাজে ন্যায় প্রতিষ্ঠা না হয়, সামাজিক বৈষম্য না কমে, তাহলে সেই সমাজকে উন্নত গণতান্ত্রিক সমাজ বলা চলে না। বরং সেই রাষ্ট্রে বিপ্লব বা সেনাশাসনের আশঙ্কা থাকে।
এ জন্য উন্নয়ন ও গণতন্ত্রকে পরস্পর ‘সমার্থক’ হিসেবে অভিহিত করেন মনি শংকর। তিনি বলেন, কেবল কার্যকর স্থানীয় সরকারের মাধ্যমে তৃণমূল জনগণের ধারণা ও বক্তব্য যথাযথভাবে কেন্দ্রের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।
সম্মেলনে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা কয়েকজন জনপ্রতিনিধি স্থানীয় সরকারের কার্যক্রমে সাংসদদের প্রভাব বিস্তারের বিষয়টি তুলে ধরেন।
এ বিষয়ে সম্মেলনের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, একজন সাংসদের কাজ আইন প্রণয়ন করা। তাঁরা স্থানীয় সরকারের কোনো কার্যক্রমে হস্তক্ষেপ করবেন না। স্থানীয় সরকার ভবিষ্যতে আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে আশ্বাস দেন তিনি।
সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ ও বেসরকারি সংস্থা হাঙ্গার প্রজেক্টের আবাসিক পরিচালক বদিউল আলম মজুমদার ভারতে সাংসদেরা পঞ্চায়েত সদস্যদের ওপর কোনো ধরনের প্রভাব বিস্তার করেন কি না জানতে চান। জবাবে মনি শংকর বলেন, ভারতে সাংসদদের জন্য আলাদা বরাদ্দ থাকে। এটা নিয়েই তাঁরা কাজ করেন। এ ব্যাপারে তাঁরা পঞ্চায়েতকে প্রভাবিত করেন না। দু-একজন সাংসদ সেটা করলেও তাঁরা জনসমর্থন হারান।
তোফায়েল আহমেদ বলেন, সামনে জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের পর ক্ষমতার বণ্টন নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকের দ্বন্দ্বের আশঙ্কার কথা জানান তিনি। এ ব্যাপারে ভারতে আমলা-রাজনীতিকদের অবস্থান জানতে চাইলে মনি শংকর বলেন, যদিও ভারতের আমলারা চান না এসব তথাকথিত রাজনীতিক ক্ষমতার চর্চা করুক, তারপরও ভারতের আইন এ ব্যাপারে হস্তক্ষেপ করার বিষয়ে আমলাদের অনুমোদন দেয় না।
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফস স্থানীয় সরকার শক্তিশালীকরণ কার্যক্রমে তাঁর সরকারের আন্তরিক পদক্ষেপের বিষয়গুলো তুলে ধরেন।
উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন এসডিসির কর্মসূচি ব্যবস্থাপক মেলিনা পাপাজর্জু, বিআইজিডির নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান ও হেলভিটাস সুইস ইন্টার কো-অপারেশনের কান্ট্রি ডিরেক্টর ক্যাসপার গ্রসেনবাখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে তিনটি পৃথক অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নেন তৃণমূল পর্যায়ের শতাধিক জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।