টোকাই দিয়ে বিএনপির কার্যালয় দখলের চেষ্টা হচ্ছে: রিজভী
বস্তির কিছু টোকাই দিয়ে সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
এর আগে ‘দলীয় বিপ্লবের মহড়া’ দিতে নয়াপল্টনে গিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে যান ‘আসল বিএনপি’র নেতা-কর্মীরা। এ ঘটনার প্রতিক্রিয়ায় রিজভী বলেন, বস্তির কিছু লোক নিয়ে এসে মিছিল করিয়ে সরকার প্রমাণ করতে চায় এরা বিএনপির একটি অংশ। অথচ সরকার বিএনপিকে শান্তিতে মিছিল-মিটিং করতে দেয় না। সরকার হীনমন্যতা থেকে এসব কাজ করছে। কয়েক দিন আগেও কিছু টোকাই দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করা হয়েছে। এর আগেও অনেককে দিয়ে বিএনপি ভাঙার চেষ্টা করা হয়েছে। সরকারের এসব কর্মকাণ্ডে মানুষ ছিঃ ছিঃ করছে। কিন্তু কিছুতেই কিছু হয়নি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি পরিচালিত হচ্ছে এবং হবে।
আরও পড়ুন