
সোজা কথা বললে আমি অন্তত সামনে সুখবর দেখছি না। নগর ব্যবস্থাপনায় সুশাসনের অভাব এমন পর্যায়ে চলে গেছে, এখন স্বল্পমেয়াদি কোনো টোটকায় আর কাজ দেবে না। বরং ঢাকার সমস্যা চট্টগ্রাম, সিলেট, খুলনা থেকে আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এটা ক্যানসারের মতো। এভাবে চললে প্রথমে রাজধানী মরবে, একপর্যায়ে মরবে দেশও।
উন্নয়নের দুটি দিক আছে। হয় আপনাকে প্রকৃতি ঠিক রেখে উন্নয়ন করতে হবে, নতুবা বিকল্প কী হতে পারে তা পাই পাই করে হিসাব করতে হবে। আর এই হিসাব হতে হবে বিজ্ঞানভিত্তিক। নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়া তা করে দেখিয়েছে।
ঢাকায় যিনি ভূমি ব্যবহার করছেন বা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করছেন, তিনি রাস্তার খবর রাখছেন না। যিনি রাস্তা নির্মাণ-রক্ষণাবেক্ষণ করছেন তাঁর কাছে ভূমি ব্যবহারের কোনো চিত্র নেই। আর গাড়ির নিয়ন্ত্রণ যাঁর হাতে, এর কোনোটাই তাঁর হিসাবের মধ্যে নেই। ফল যা হওয়ার তা-ই হয়েছে।
ইউরোপের নেদারল্যান্ডসেও ভূমির স্বল্পতা আছে। তারা প্রকৃতির স্বাভাবিক গঠনে পরিবর্তন এনে উন্নয়ন করেছে। কিন্তু প্রতিটি অ্যাকশনের রিঅ্যাকশন কী হতে পারে, তা হিসাবেও এনেছে। দক্ষিণ কোরিয়াও হিসাবনিকাশ করে উন্নয়ন করেছে। আমরা যদি মনে করি মানুষ বেশি, জায়গা কম, কিছু করার নেই—তাহলে অন্ধকারই অপেক্ষা করছে।
ঢাকা শহরটা দক্ষিণ থেকে উত্তরে সম্প্রসারিত হয়েছে। কারণ পূর্ব-পশ্চিম হচ্ছে জলাশয়। শহরের সবচেয়ে উঁচু জায়গা রমনা-ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পানি এখন হাতিরঝিল কিংবা আরামবাগের খাল পর্যন্ত পৌঁছায় না। বালু নদী কিংবা বুড়িগঙ্গায় নেওয়া তো পরের কথা। যেভাবে প্রগতি সরণির পূর্বাংশে ভূমি ব্যবহার দিন দিন বাড়ছে, পানি বের করার আর জায়গাই থাকবে না। একই কথা প্রযোজ্য পশ্চিমের বেড়িবাঁধ এলাকায়ও।
আমি মনে করে ঢাকার পানিনিষ্কাশনব্যবস্থা শেষ করে দিয়েছে বক্স কালভার্ট। এগুলো পানিনিষ্কাশনের খাল ছোট করে দিয়েছে। ঢেকে রাখা একটি নালা কখনোই সচল রাখা সম্ভব নয়। কারণ সরকারি সংস্থাগুলোর মধ্যে এতই সুশাসনের অভাব যে ঠেকে না গেলে কেউ কাজ করে না।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ওয়াসা, সিটি করপোরেশন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)—এসব সংস্থা সমস্যা হলে দেখতে পারে। দূর ভবিষ্যতে কী ঘটতে পারে, তা তাদের মাথায় নেই। হয় নীতিনির্ধারণে কারিগরি জ্ঞানসম্পন্ন মানুষ নেই, নতুবা তাদের মধ্যে সুশাসন নেই। মনে রাখতে হবে ভূমি ব্যবস্থাপনা, সেবা সংস্থার লাইন, রেল ও সড়ক—এগুলো সরকারকেই করতে হবে। এগুলো ব্যক্তি উদ্যোগে সম্ভব নয়। তাই সরকারকেই দায়িত্ব নিয়ে সমাধানের পথ খুঁজতে হবে।
বৃষ্টির পানি হচ্ছে সড়কের শত্রু। যে সড়ক ২০ বছর স্থায়ী হওয়ার কথা, তা এক সপ্তাহ পানির নিচে থাকলে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। আরেকটা দিক হচ্ছে ঢাকার সড়ক এমন নির্দয়ভাবে কাটা হয়, যা বিরল। এক সড়কে একাধিক সেবা সংস্থা কয়েক দফা কাটে, তাও আবার বর্ষা মৌসুমে। উড়ালসড়ক ও মেট্রোরেলের জন্য সড়ক কাটা হচ্ছে। অথচ পানিনিষ্কাশনের একটা লাইন রেখে বাকি সবগুলো সেবা সংস্থার লাইন এক পাইপে ভরে দেওয়া যায়। এতে এত কাটাকুটির দরকার পড়ে না।
এই অব্যবস্থাপনার কারণে সড়কের সদ্ব্যবহার হয় না। সরকারের কৌশলগত পরিকল্পনায় দেখানো হয়েছে ২০০৫ সালেই সামর্থ্যের চেয়ে ঢাকা বেশি ভার বহন করে ফেলেছে। গত প্রায় ৩০ বছরের মধ্যে প্রগতি সরণি, বেড়িবাঁধ, রোকেয়া সরণির মতো বড় ও প্রধান সড়ক হয়নি। উদাহরণ হিসেবে বলা যায়, শাহবাগ থেকে কারওয়ানবাজার পর্যন্ত সড়কের পাশে সরকারি কিছু স্থাপনা বাদে বড় ভবন ছিলই না। এখন বহুতল ভবনে ভরে গেছে। এসব ভবনে গাড়ি আসছে। কিন্তু এই পথে সড়ক কি বেড়েছে? অবশ্যই না। ফলে সামান্য জলাবদ্ধতার কারণে নগর অচল হয়ে পড়ছে।
সুতরাং, আমি বলতে পারি শুধু টাকা খরচ করলেই হবে না। সুশাসন থাকতে হবে। নগর একটি বিজ্ঞানভিত্তিক বিষয়। ভূমি, সড়ক ও সেবা খাতের ব্যবস্থাপনায়ও বিজ্ঞান থাকতে হবে।