ভারতকে ট্রানজিট দেওয়ার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটি হচ্ছে অল্প দামে দেশের স্বাধীনতা বিক্রি করে দেওয়া। ট্রানজিটের কারণে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।
রিজভী বলেন, ‘আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত যে ল্যান্ড ট্রানজিট দেওয়া হচ্ছে, এটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং অল্প দামে দেশের স্বাধীনতা বিক্রি করে দেওয়া। সরকার আত্মাকে বিক্রি করে দিয়েছে পার্শ্ববর্তী দেশের কাছে।’
ট্রানজিট নয়, আসলে ভারতকে করিডর দেওয়া হয়েছে দাবি করে রিজভী বলেন, ‘একই দেশের মাল আবার একই দেশে যাবে আমার দেশের মধ্য দিয়ে, এটা ট্রানজিট না, এটা করিডর। করিডর মানেই হচ্ছে বিপর্যয়কর বিষয়।’ তিনি অভিযোগ করেন, করিডরের মাশুলও কম ধরা হয়েছে।
ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ায় বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে রিজভী বলেন, ‘ভারতের সাতটি প্রদেশে কেউ স্বাধীনতা দাবি করছেন, কেউ স্বায়ত্তশাসন দাবি করছেন। এগুলো দমন করার জন্য নাকি অস্ত্রশস্ত্র যাবে, তা হলে দেশের নিরাপত্তা কোথায় থাকবে?’
দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়ার সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র-তত্ত্ব আবিষ্কার করে তাঁর বিরুদ্ধে মামলা দিয়েছে।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, বিএনপির নেতা খায়রুল কবির খোকন, সানাউল্লাহ মিয়া প্রমুখ বক্তব্য দেন।