ট্রেনে আগুন দেওয়া কি ভালো রাজনীতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিএনপি-জামায়াতও বলে থাকে তারা দেশের মঙ্গলের জন্য রাজনীতি করছে। ট্রেনে আগুন দেওয়া, রাস্তাঘাট কাটা, জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারার নাম কি ভালো রাজনীতি? আর এ রাজনীতি করে তারা কি ভালো করতে চায়?
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা ও ওপেন লাইন শাখার দ্বিবার্ষিক সম্মেলনে গতকাল রোববার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।
রেল শ্রমিক লীগ কারখানা শাখার সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ওই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক মনতাজুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন। অনুষ্ঠান পরিচালনা করেন রেল শ্রমিকনেতা জহিরুল ইসলাম।
সকালে সম্মেলন উদ্বোধন করেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ। এর আগে সম্মেলন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। পরে প্রধান অতিথি একই মঞ্চে লেখক-সাংবাদিক ওয়াহেদ সরকারের মুক্তিযুদ্ধ ও সৈয়দপুরের ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
এদিকে গতকাল নীলফামারী সদরের খোকশাবাড়ী, পলাশবাড়ী ও গোড়গ্রাম ইউনিয়নের পাঁচটি সড়ক পাকাকরণের কাজের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ওই অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেছেন, ‘রাস্তা ও বিদ্যুৎ-সুবিধা নিশ্চিত করা গেলে এলাকার উন্নয়নের বাকি কাজটা এলাকার মানুষই করবে। আমরা ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নের সংযোগ সড়কসহ গুরুত্বপূর্ণ হাটবাজারের রাস্তা পাকা করেছি। এখন জেলা সদর থেকে সব ইউনিয়ন পরিষদে (ইউপি) পাকা রাস্তা দিয়ে যাওয়া যায়।’
বেলা ১১টার দিকে খোকশাবাড়ী ইউনিয়নের টেপুরডাঙ্গা বাজারে ও দুপুর ১২টার দিকে খোকশাবাড়ী ইউপি চত্বরে খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান বদিউজ্জামানের সভাপতিত্বে পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠান হয়। বেলা একটার দিকে গোড়গ্রাম ও দুইটার দিকে পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা বাজারে পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বক্তব্য দেন। শনিবার রােত তিনি পৌর সুপার মার্কেটের উদ্বোধন করেন।