ট্রেনে 'নির্বাচনী যাত্রায়' আ.লীগ
ট্রেনে চড়ে উত্তরাঞ্চলে ‘নির্বাচনী যাত্রা’ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শনিবার সকাল আটটায় কমলাপুর রেলস্টেশন থেকে উত্তরাঞ্চলগামী নীলসাগর এক্সপ্রেসে রওনা হন আওয়ামী লীগের নেতারা।
আওয়ামী লীগের ওই নির্বাচনী যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ট্রেন ছাড়ার আগে কমলাপুর রেলস্টেশনে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই যাত্রা আমাদের নির্বাচনী যাত্রা। এই যাত্রা অব্যাহত থাকবে।’
কাদের বলেন, তৃণমূলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পৌঁছে দিতে, নেতা-কর্মীদের চাঙা করতে এবং দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনই এই ধরনের সফরের উদ্দেশ্য। তিনি বলেন, আর কয়েক মাস পরেই নির্বাচন। এবার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের এই নেতা জানান, রেলপথের পর সড়ক ও নৌপথেও একই ধরনের কর্মসূচি পালন করা হবে।
আওয়ামী লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে ১০টি স্থানে পথসভা হবে। এগুলো হলো টাঙ্গাইল, ঈশ্বরদী, নাটোর, বগুড়ার শান্তাহার, জয়পুরহাট, জয়পুরহাটের আক্কেলপুর, দিনাজপুরের বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর ও নীলফামারীর সৈয়দপুর স্টেশনে পথসভা হবে। এসব পথসভায় বক্তব্য দেবেন ওবায়দুল কাদের।
এই সফরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
ভোগান্তিতে পড়বেন যাত্রীরা
ট্রেনে সাধারণ যাত্রীরাও আছেন। অন্য সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতে তাঁদের এক ঘণ্টারও বেশি অতিরিক্ত সময় লাগতে পারে। কমলাপুর রেলস্টেশনের এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ নেতারা নয়টি রেলস্টেশনে যাত্রাবিরতিতে অতিরিক্ত ৭ থেকে ১০ মিনিট করে সময় নেবেন। এ কারণে স্বাভাবিকভাবেই গন্তব্যে পৌঁছাতে ট্রেনটির দেরি হবে।