ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের পাল্টা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত সভা ও ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে গতকাল বুধবার বিকেলে বর্ধিত সভার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের একটি পক্ষ। এ সময় তারা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদকর্মীদের ডেকে নিজেদের জেলা স্বেচ্ছাসেবক লীগের মূল অংশ দাবি করে পাল্টা উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করে।
স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাবেদ শিকদারের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ।
সভায় জাবেদ শিকদার দাবি করে বলেন, সংগঠনের আহ্বায়ক আওয়ামী লীগের সভাপতিসহ স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতা-কর্মীকে না জানিয়ে বর্ধিত সভা আহ্বান করেন। এরপর একটি বড় অংশকে বাদ দিয়ে তাঁরা পছন্দের কর্মীদের নিয়ে সদর উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করেন। বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হলে তাঁরা বর্ধিত সভা ডেকে সিদ্ধান্ত নিতে পরামর্শ দেন। তাঁদের পরামর্শেই এ সভার আয়োজন করা হয়েছে।
মারুফ আহমেদ নিজেদের স্বেচ্ছাসেবক লীগের মূল অংশ দাবি করে বলেন, ‘আমরাই স্বেচ্ছাসেবক লীগের মূল অংশ। তা না হলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করতে পারতাম না। এ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েরই সমর্থন রয়েছে।’
পরে মীর শাহাদত হোসেনকে সভাপতি ও মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা কমিটি গঠন এবং মো. আলমগীরকে সভাপতি ও মোহাম্মদ মিন্টুকে সাধারণ সম্পাদক করে করে পৌর কমিটি ঘোষণা দেন মারুফ আহমেদ। সভা শেষে নতুন কমিটির সদস্যদের নিয়ে শহরে শোভাযাত্রা বের করা হয়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাদেক কুরাইশী বলেন, জাবেদ শিকদারের দাবি ঠিক নয়। বর্ধিত সভা করার পরামর্শ দেওয়ার প্রশ্নই ওঠে না।
গত মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামকে এড়িয়ে সাধারণ সম্পাদক মো. সাদেক কুরাইশীকে প্রধান অতিথি করে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা আহ্বান করা হয়। সাদেক কুরাইশী জেলা আওয়ামী লীগের সাবেক কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে সভাস্থলে যান। সভা শুরুর পরপরই দবিরুল ইসলামকে প্রধান অতিথি না করার অজুহাতে তাঁর অনুসারীরা সভাস্থলে হামলা চালান। এ সময় তাঁরা মিলনায়তনের চেয়ার ও দরজা-জানালার কাচ ভাঙচুর করেন।
ভাঙচুরের পরে শাকিল চৌধুরীকে সভাপতি ও আবদুল ওয়াফুকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা কমিটি গঠন করা হয়। একই সময় ইমরান হাসানকে সভাপতি ও নূর ইসলামকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করা হয়।