ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে গতকাল রোববার ঠাকুরগাঁওয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ-বিএনপিপন্থী আইনজীবীরা।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের প্রতিবাদে গতকাল ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা।
গত শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। তারই অংশ হিসেবে গতকাল ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক তোজাম্মেল হক। সে সময় মকবুল হোসেন, শেখর রায়, ইন্দ্রনাথ রায়, আলতাফুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন।
পরে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় সারা দেশের আইনজীবীদের সংক্ষুব্ধ করেছে। একটি মহল রায় নিয়ে বিচার বিভাগকে বিতর্কিত করার চেষ্টা করছে। রায়ে যেসব আপত্তিকর, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ রয়েছে, সেগুলো প্রত্যাহার করতে আদালতের প্রতি দাবি জানানো হয়।
গতকাল দুপুরে আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে এ বি এম খায়রুল হককে অপসারণ ও গ্রেপ্তার, নিম্ন আদালতের বিচারকদের চাকরির বিধিমালার গেজেট প্রকাশের দাবি এবং সুপ্রিম কোর্টকে হেয়প্রতিপন্ন করে সরকারের মন্ত্রীদের দেওয়া বক্তব্যের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। পরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সৈয়দ আলম, সারোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
আবদুল হালিম বলেন, আগামী বুধ ও বৃহস্পতিবারও আদালত প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
গত ৩ জুলাই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এরপর ১ আগস্ট বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
এই পূর্ণাঙ্গ রায়ের পর বিএনপি স্বাগত জানালেও আওয়ামী লীগের পক্ষ থেকে নানা সমালোচনা করা হয়। রায়ের পর্যবেক্ষণ নিয়ে সমালোচনা করেন আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান এ বি এম খায়রুল হক।
এর প্রতিবাদে গত শুক্রবার আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে এ বি এম খায়রুল হককে অপসারণ ও গ্রেপ্তার, নিম্ন আদালতের বিচারকদের চাকরির বিধিমালার গেজেট প্রকাশের দাবি এবং সুপ্রিম কোর্টকে হেয়প্রতিপন্ন করে সরকারের মন্ত্রীদের দেওয়া বক্তব্যের প্রতিবাদে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।