ড. ইউনূসের দানে কর আদায়ে স্থগিতাদেশ
নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের দানের অর্থ নিয়ে প্রশ্ন তুলেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ছয় মাস ড. ইউনূসের কাছ থেকে ওই দান কর আদায়ে স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। ২ এপ্রিল এ আদেশ দেন উচ্চ আদালত। ইতিমধ্যে এনবিআরকে তা জানিয়ে দেওয়া হয়েছে।
এনবিআর দাবি করছে, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ করবর্ষে জমা দেওয়া বার্ষিক আয়কর বিবরণীতে প্রদর্শিত দানের অর্থের ওপর ড. মুহাম্মদ ইউনূস কর দেননি। এই সময়ে তিনি ৭৭ কোটি ৪২ লাখ টাকা দান করেছেন। এনবিআরের হিসাব অনুযায়ী, দান কর বাবদ ১৫ কোটি ৩৯ লাখ টাকা জমা করেননি ড. ইউনূস। এ নিয়ে গত ৫ মার্চ উচ্চ আদালতে রেফারেন্স মামলা করেন ড. ইউনূসের আইনজীবীরা। এই রেফারেন্স মামলার আলোকে উচ্চ আদালত এই স্থগিতাদেশ দিয়েছেন।
বকেয়া কর আদায়ে গত ২৯ মার্চ ড. ইউনূস কিংবা তাঁর প্রতিনিধিকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছিলেন কর অঞ্চল-৬-এর কমিশনার মেফতাহ উদ্দিন খান। ড. ইউনূসের আইনজীবীরা সেদিন কর কমিশনারের সঙ্গে দেখা করে দুই সপ্তাহ সময় চান।
ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কর পরামর্শক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, যেহেতু উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে, তাই এনবিআরের সঙ্গে আলোচনা করার সুযোগ নেই।