ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের তদন্ত চেয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে নিরপেক্ষ তদন্ত চেয়েছে বিএনপি। গতকাল বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, এখানে যাঁরা ব্যবসায়ী, দোকান করছেন, তাঁদের সন্দেহ যে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড। এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন, কারণ উদ্ঘাটন করা দরকার। এটার জন্য দায়ী কারা, সেটাও বের করা উচিত। সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি করা প্রয়োজন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পুনর্বাসনের দাবি জানান।
এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। তিনি বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস। এই দিবসে সারা দেশে কালো পতাকা মিছিল ও নেতা-কর্মীরা কালো ব্যাচ ধারণ করবেন। ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। এর প্রস্তুতি চলছে।
বিএনপি সমাবেশের অনুমতি পেয়েছে কি না—জানতে চাইলে রিজভী বলেন, ‘আমরা আবেদন জানিয়ে চিঠি দিয়েছি। কখনো ১২ ঘণ্টা আগে, কখনো ৪৮ ঘণ্টা আগে অনুমতি দেওয়া হয়। এটা উদ্দেশ্যপ্রণোদিত, যাতে বড় ধরনের সমাবেশ করতে না পারি। কারণ তারা (সরকার) জনগণকে দেখলে ভয় পায়।’
সংবাদ সম্মেলনে নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমানকে বরখাস্তের নিন্দা জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, হারুনুর রশীদ প্রমুখ।