ডিএমপি কমিশনারের দেখা পেল না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ নভেম্বর সমাবেশ করার অনুমতির বিষয়ে জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গিয়ে ডিএমপি কমিশনারের দেখা পায়নি বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়েছিল।
প্রতিনিধিদলে থাকা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১৩ নভেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি। এ বিষয়ে অগ্রগতি জানতে তাঁরা গতকাল ডিএমপি কমিশনারের কাছে গিয়েছিলেন। কিন্তু তাঁর কার্যালয় থেকে জানানো হয়, কমিশনার কার্যালয়ে নেই। তখন বিএনপির প্রতিনিধিদল কমিশনারের অবর্তমানে অন্য কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে জানানো হয়, সবাই মিটিংয়ে আছেন। কমিশনারের অবর্তমানে কেউ কথা বলতে পারবেন না।
৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। দলটি এবার দিনটি উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল। কিন্তু পুলিশ জানায় ৭ ও ৮ নভেম্বর কাউকে সেখানে সমাবেশ করতে দেওয়া হবে না। পরে বিএনপি ৮ নভেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চায়। সেটিও তারা না পেয়ে ১৩ নভেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েছে। এর মধ্যে ৮ নভেম্বর বেলা একটায় পুলিশ ২৭টি শর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করার অনুমতি দেওয়া হয়েছে বলে পুলিশ গণমাধ্যমকে জানায়। তাতে বলা হয়, ওই দিন বিকেল সাড়ে চারটার মধ্যে সভা শেষ করতে হবে। ডিএমপির এই অনুমতিকে ‘তামাশা’ বলে আখ্যা দিয়ে বিএনপি তা প্রত্যাখ্যান করে এবং ১৩ নভেম্বর সমাবেশ করার অনুমতি চায়।