বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের সদ্য প্রকাশিত একটি বইয়ের কঠোর সমালোচনা করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কাক সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে গেলেও কাকই থাকে। কোনো ডিগবাজ, আদর্শহীন ও দলছুট নেতার বইয়ে বিএনপির কিছুই আসে-যায় না।
গতকাল সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মওদুদের লেখা বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড দি আফটারম্যাথ: ২০০৭-২০০৮ বইয়ে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ হিসেবে বিএনপি সরকারের অপশাসন; দলের নেতাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ; বিএনপি সরকারের কিছু মন্ত্রীর সম্পৃক্ততায় জঙ্গিবাদের উত্থান; প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে হাওয়া ভবনের ক্ষমতা, প্রভাব, দুর্নীতিসহ বিভিন্ন বিশ্লেষণ তুলে ধরা হয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাঁর বক্তব্য সঠিক নয়। চারদলীয় জোট সরকারের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক থাকলে তিনিও তো সে সময় মন্ত্রিসভায় ছিলেন। তাহলে তিনি কেন পদত্যাগ করলেন না।’ তিনি বলেন, ‘মওদুদ আহমদের মতো একজন জ্যেষ্ঠ নেতা কাদের খুশি করার জন্য এ বই লিখেছেন, তা আমার জানা নেই। তিনি অনেক দিন ধরে রাজনীতি করেন, তবে যখনই নিজের স্বার্থ আসে, তখনই এ ধরনের কথা বলেন।’
এদিকে রিজভীর সমালোচনার জবাবে গতকাল দুপুরে হাইকোর্টের বর্ধিত ভবন প্রাঙ্গণে মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমি জানি না রিজভী বইটি পড়েছেন কি না। পুরো বইটা পড়লে বিশ্বাস করি তিনি নিজেই অনুতপ্ত হবেন। এবং বুঝবেন যে কথা বলেছেন সেগুলো সঠিক নয়।’
মওদুদ বলেন, ‘বিএনপি সম্পর্কে, আমাদের দলের সম্পর্কে বইয়ে যে অভিব্যক্তি, এটা আমার ব্যক্তিগত। এটার সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। বরং আমি যখন বই লিখি, আমি দলীয় ব্যক্তি হিসেবে বই লিখি না। একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বই লিখি।’ তিনি বলেন, ‘আমি ভয় করেছিলাম সরকার অসন্তুষ্ট হবে। সেখানে দেখছি আমারই একজন সহকর্মী আমার ওপর অসন্তুষ্ট হচ্ছেন।’
মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে বিএনপির দলীয় প্রতিক্রিয়া জানাতে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও সাংবাদিকদের প্রশ্ন ছিল মূলত মওদুদের বইকে ঘিরে। বইয়ের এক স্থানে লিখেছেন, ওই সময় খালেদা একজন রাজনৈতিক নেতার চেয়ে বেশি একজন মা হয়ে উঠেছিলেন। ২০০৭-০৮ সালের জরুরি অবস্থার সময় খালেদা জিয়া শুধু তাঁর দুই ছেলের মুক্তি নিয়েই চিন্তা করেছেন।
এ প্রসঙ্গে রিজভী বলেন, নিজের ছেলেদের প্রতি যদি খালেদা জিয়ার অনুকম্পা থাকত, তাহলে তিনি আগেই ছেলেদের বিদেশে পাঠিয়ে দিতেন। খালেদা জিয়া এক-এগারোর সরকারের কথা না শোনার কারণেই তাঁর ছেলেদের ওপর নির্যাতন হয়েছে। তাঁরা এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন।