ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু । ফাইল ছবি
হাসানুল হক ইনু । ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক বা গণমাধ্যমের উদ্বেগের কিছু নেই। জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের তিনি প্রস্তাবিত আইনের সমস্যাগুলো চিহ্নিত করে লিখিতভাবে সরকারকে জানানোর আহ্বান জানিয়েছেন।
দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের আপত্তির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সাইবার অপরাধ দমনের জন্য আইনের প্রয়োজন। তাতে মতপ্রকাশে বাধা সৃষ্টি করে, এমন কিছু থাকবে না। ধর্ম নিয়ে ফেসবুকে উসকানি দিয়ে রামুতে দাঙ্গা বাধিয়ে দেওয়া হয়েছে—তো সেই লোকটাকে ধরবে না? আইনটা যাতে কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ না হয়, সেটা দেখেই তৈরি হবে। একটা কমিটি আছে, সেখানে আমরা এটা দেখছি। সম্পাদক পরিষদের প্রতি আমার আহ্বান, যেকোনো জায়গাটায় কোন শব্দটা ক্ষতিকর, সেটা লিখিত আকারে তাঁরা আমাকে দয়া করে পাঠাবেন।’
সম্পাদক পরিষদের নেতা এবং ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘এসব আইন স্বাধীন সাংবাদিকতার সহায়ক হতে পারে না। নতুন আইনে আছে, মানহানি এবং সামাজিকভাবে অপদস্থ করার চেষ্টা আইনত দণ্ডনীয়। এখন ধরেন আমি যদি একজন এমপির ওপর রিপোর্ট করি যে উনি ঠিকমতো ওনার এলাকায় কাজ করছেন না এবং সেটা তথ্যভিত্তিকভাবে রিপোর্ট করি, অবশ্যই তো তিনি সামাজিকভাবে একটু অপদস্থ হলেনই। এটা কিন্তু তাঁকে অধিকার দেওয়া যে সঙ্গে সঙ্গে ওই সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে একটা মামলা করার। কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটেছে যে একটা নিউজ বেরিয়েছে, আরেকজন সাংবাদিক সেটা ফেসবুকে লাইক দিয়েছেন। সেই জন্য তাঁর বিরুদ্ধে মামলা হচ্ছে। আইনের যে খসড়া, তার মধ্যে অনেক ধরনের বিপদ আমরা দেখি। আর অলরেডি আমরা যে ধরনের প্রয়োগ দেখেছি, ১৮-১৯টি কেস সাংবাদিকদের বিরুদ্ধে হয়েছে, আমরা এতে অত্যন্ত বিচলিত।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘নতুন আইনে একই বিধান রেখে এর অপপ্রয়োগ কোনোভাবেই ঠেকানো যাবে না। ৫৭ ধারা অথবা আইসিটি আইন যখন তৈরি করা হয়, তখন কিন্তু আমাদের বলা হয়েছিল আইনটির প্রয়োগ হবে মূলত জঙ্গি বা প্রযুক্তিনির্ভর অপরাধ যাঁরা করেন, তাঁদের বিরুদ্ধে। পরবর্তীকালে আমরা দেখেছি, ৫৭ ধারার অপপ্রয়োগ হচ্ছে ব্যাপকভাবে সাংবাদিকদের বিরুদ্ধে, গণমাধ্যমের বিরুদ্ধে।’