ডিজিটাল নিরাপত্তা বিল কালা কানুন: বাম জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮ কে প্রত্যাখ্যান করে তা সংসদে উত্থাপন না করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার এক বিবৃতিতে জোটের নেতারা এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, দেশবাসীর আপত্তির মুখে ৫৭ ধারা বাতিল না করে ডিজিটাল নিরাপত্তা বিলে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঔপনিবেশিক আমলের অফিশিয়াল ‘সিক্রেটস অ্যাক্ট’। এ ছাড়া বিলে পরোয়ানা ছাড়া তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে।

‘সিক্রেটস অ্যাক্ট’ ভঙ্গ করলে সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড বা ২৫ লাখ টাকা জরিমানার অথবা উভয় দণ্ডের বিধান রাখারও সমালোচনা করেছে বাম গণতান্ত্রিক জোট।

ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮ বিলকে মানুষের গণতান্ত্রিক ও স্বাধীন মত ব্যক্ত করার অধিকার হরণকারী উল্লেখ করে বিলটিকে কালা কানুন আখ্যায়িত করে জোটের নেতারা। তাঁরা এ আইস সংসদে উত্থাপন না করার আহ্বান জানান।

বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ জোটের অন্যান্য নেতারা এ বিবৃতি প্রদান করেন। বিজ্ঞপ্তি।