ডিজিটালের ছোঁয়া থাকবে আওয়ামী লীগের সম্মেলনে
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে থাকবে ডিজিটালের ছোঁয়া। আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পাতায় পুরো সম্মেলন সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া দলীয় ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তনের একটা ইভেন্টও খোলা হয়েছে।
নেতা-কর্মীদের অনলাইনে যুক্ত করা ও ফেসবুকে সরাসরি সম্প্রচারের দায়িত্ব পালন করবে ক্ষমতাসীন দলটির গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। এ জন্য আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ইভেন্টও খোলা হয়েছে।
সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস সাংবাদিকদের বলেন, ২২ অক্টোবর সম্মেলন শুরুর দিন সকাল ১০টা থেকে সরাসরি অনুষ্ঠানটি ফেসবুকে সম্প্রচার করা হবে। আওয়ামী লীগের ফেসবুক লিংক: www.facebook.com/awamileague.1949।
এ ছাড়া http://badge.albd.org/ লিঙ্কে গেলে ফেসবুক ফটোতে ব্যাজটি সংযুক্ত করা যাবে। এরপর সেই ফটোকে করা যাবে প্রোফাইল পিকচার। ব্যাজটিতে একদিকে লেখা আছে: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন, অন্যদিকে এবারের সম্মেলনের স্লোগান: ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’।
সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থানে ১০টি বড় পর্দার টিভি স্থাপন করা হয়েছে, যাতে মঞ্চ থেকে দূরে থাকলেও কাউন্সিলর, ডেলিগেট ও আমন্ত্রিত অতিথিরা পুরো অনুষ্ঠান দেখতে পারেন।