ডিন নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল সংখ্যাগরিষ্ঠ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের ডিন নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বেলা পৌনে তিনটার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
আজ চারটি অনুষদে ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তিনটিতেই আওয়ামীপন্থী শিক্ষক এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীপন্থী প্যানেলের আরও একজন শিক্ষক ডিন নির্বাচিত হয়েছেন। তবে বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল থেকে কেউ নির্বাচিত হননি।
আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে ৫৮ ভোট পেয়ে সমাজ বিজ্ঞান অনুষদে ডিন নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আমির হোসেন। একই প্যানেল থেকে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার। জীব বিজ্ঞান অনুষদে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার।
এ ছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদে এই প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিন নির্বাচিত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা।
কলা ও মানবিকী অনুষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৬০ ভোট পেয়ে ডিন নির্বাচিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক।
অন্যদিকে বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে কলা ও মানবিকী, সমাজ বিজ্ঞান ও জীব বিজ্ঞান অনুষদে তিনজন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এ প্যানেল থেকে কেউ নির্বাচিত হননি।
নির্বাচনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, চারটি অনুষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিল ৪৫৯ জন শিক্ষক। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৪০ জন।