ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বসবেন সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত নানা সমস্যা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার জন্য আগামী ১৫ দিনের মধ্যেই তাঁদের সঙ্গে বসবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, যে সমস্যাগুলোর কথা ডিপ্লোমা প্রকৌশলীরা উল্লেখ করেছেন তা আলোচনার মাধ্যমে সুরাহা হওয়া সম্ভব। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রতিনিধি সভায় লিখিত বক্তব্যে ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি না হওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বন্ধসহ পেশাগত নানা সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে এসব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও কাজ হচ্ছে না বলে উল্লেখ করেন।
সৈয়দ আশরাফুল ইসলাম ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পূরণ না হওয়ার বিষয়ে শামসুর রহমানের দেওয়া বক্তব্য নিয়েই কথা বলেন। তিনি বলেন, ‘পদোন্নতিসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও কীভাবে হয় না? তাহলে কোন দেশে আছি আমরা। প্রধানমন্ত্রীর নির্দেশ মানা হয় না, এটা আমরা কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। একটা আইনের শাসনের দেশ, সবকিছু আইন অনুযায়ীই চলবে।’
আশরাফ বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করব যে আপনি নির্দেশ দেওয়ার পরও বাস্তবায়ন হয় না, তাহলে রাষ্ট্র কীভাবে চলবে?’
আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান। এ ছাড়া অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আইডিইবির কয়েক শ সদস্য প্রতিনিধি সভায় যোগ দেন।