ডিমলা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা কর হয়েছে। গত মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক নোহেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ডিমলা উপজেলা ছাত্রলীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ড নেই। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় এককভাবে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন শুরু করেন; যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ ছাড়া কমিটির অধিকাংশ নেতা-কর্মী বিবাহিত ও অছাত্র। এসব কারণে জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় ডিমলা উপজেলা শাখা ছাত্রলীগের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এ ছাড়া যেসব ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে তা বাতিল করা হলো এবং আগের সব কমিটি বহাল থাকবে।
উত্তম কুমার রায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে গতকাল বুধবার বলেন, ‘কমিটি বিলুপ্তির বিষয়ে আমি এখনো কিছু জানি না। আর ইউনিয়ন কমিটিগুলো কারও একক সিদ্ধান্তে নয়, গঠনতন্ত্র মোতাবেক করা হয়েছে।’