ডিমলা উপজেলায় জাতীয় পার্টির কমিটি গঠন
নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে ৩১ সদস্যের উপজেলা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
ডিমলা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নীলফামারী-১ আসনের সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী। ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় পার্টির স্থানীয় নেতা আনজারুল হক, জাকারিয়া হোসেন, হাবিবুর রহমান খান লোহানী, তহিদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
ওই সম্মেলনে ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কাউন্সিলরদের সম্মতিক্রমে আবদুল লতিফ চৌধুরীকে সভাপতি ও ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ডিমলা উপজেলা জাতীয় পার্টির দুই বছরের কমিটি ঘোষণা করা হয়।