ডিসিসি নির্বাচন নিয়ে আগ্রহ নেই বিএনপির
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের ব্যাপারে আগ্রহ নেই বিএনপির। দলের নীতিনির্ধারণী মহলে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচন নিয়ে দলের ভেতরে নানা মত আছে।
বিএনপির উচ্চপর্যায়ের দায়িত্বশীল একাধিক নেতা বলছেন, বিপুল ভোটের ব্যবধানে জয়ী গাজীপুর, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে দলীয় মেয়রদের সাম্প্রতিক পরিণতি দেখে বিএনপির নীতিনির্ধারকেরা ঢাকা সিটির নির্বাচন নিয়ে অনেকটাই নিরুৎসাহী। কারণ, ইতিমধ্যে নানা অজুহাতে মামলা-মোকদ্দমায় জড়িয়ে বিরোধী মতের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে। এ ছাড়া টানা অবরোধ-হরতালের মধ্য দিয়ে শুরু হওয়া বর্তমান সরকারবিরোধী আন্দোলনও নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রায় একই মনোভাব ২০-দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীরও।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আপাতত বিএনপির মাথায় নেই। এ নিয়ে দলের স্থায়ী কমিটি বা অন্য কোনো ফোরামে আলোচনা হয়েছে বলেও আমার জানা নেই।’
দলটির নেতারা মনে করছেন, ২০-দলীয় জোট এখন নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে আছে। সরকার আন্দোলন থেকে জনদৃষ্টি অন্যদিকে ফেরাতে ডিসিসি নির্বাচনের কৌশল নিয়ে এগোচ্ছে। এখন বিএনপি যদি নির্বাচনমুখী হয়, তাহলে আন্দোলন মাঠে মারা যাবে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানও বলেন, এ মুহূর্তে দেশ-বিদেশের সবার কাছে জাতীয় অগ্রাধিকার হচ্ছে জাতীয় নির্বাচন। এটা পাশ কাটিয়ে সরকারের অন্য কোনো নির্বাচনের কৌশল নেওয়া উচিত হবে না। তিনি মনে করেন, বিএনপি নির্বাচনে গেলে আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে।
বিএনপির আন্দোলনমুখী নেতাদের ধারণা, ঝিমিয়ে পড়া অবরোধ-হরতাল কর্মসূচি আবার চাঙা করা গেলে ডিসিসি নির্বাচন হালে পানি পাবে না। সরকার তখন নির্বাচনের চেয়ে পরিস্থিতি সামাল দিতেই ব্যস্ত থাকবে। তাই বিএনপির উচিত আন্দোলন জোরদার করতে সর্বাত্মক চেষ্টা করা।
তবে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের একটি অংশের মধ্যে ভিন্নমতও আছে। ওই অংশের মত, সরকার সংসদ নির্বাচনের মতো ডিসিসি নির্বাচন থেকেও বিএনপিকে বাইরে রাখার কৌশল নিয়েছে। বিএনপি যাতে আন্দোলন ছেড়ে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য এ সময়টা বেছে নেওয়া হয়েছে। তাঁরা মনে করছেন, সরকারের নির্যাতন-নিপীড়নের কারণে দেশের বর্তমান পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে উদ্বেগজনক। এ অবস্থায় জনমত ক্রমাগত সরকারের বিপক্ষে যাচ্ছে। তাই এ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। তা ছাড়া মেয়র পদপ্রার্থীদের নির্বাচন থেকে বিরত রাখা গেলেও কাউন্সিলর ঠেকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে।
২০১২ সালে ডিসিসির নির্বাচনী তফসিল ঘোষণার পর ঢাকা উত্তর ও দক্ষিণ এলাকা থেকে মেয়র পদে বিএনপির অনেকের প্রার্থী হওয়ার গুঞ্জন ছিল। তখন ঢাকা দক্ষিণ থেকে আসাদুজ্জামান রিপন, আবদুস সালামের নাম আলোচনায় ছিল। আর উত্তর থেকে আবু সাঈদ খানের নাম শোনা যায়। তবে শেষ পর্যন্ত কেউই মনোনয়নপত্র কেনেননি।