ডিসিসি নির্বাচন, ভাবছে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন নিয়ে এখনই কোনো চিন্তা করছে না বিএনপি। এ নিয়ে দলের কৌশল কী হবে, তাও এখনো ঠিক করা হয়নি।
তবে দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার হঠাৎ করে এ উদ্যোগ নিয়েছে। বিএনপির নেতাদের কেউ কেউ এটিকে দেখছেন ফাঁদ হিসেবে। তাঁরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হলে তাতে অংশ নেওয়া ঠিক হবে না।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন—এমন একজন নেতা প্রথম আলোকে বলেছেন, তাঁরা এটিকে সরকারের কৌশল হিসেবেই দেখছেন। পরিস্থিতি কখন কেমন হয়, তা বলা যাচ্ছে না। পরিস্থিতি বুঝে এ বিষয়ে দলের পাল্টা কৌশল নির্ধারণ করা হবে।
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান প্রথম আলোকে বলেন, এখন নির্বাচন দিলে সরকারের সুবিধা হতে পারে, এ কারণে হয়তো উদ্যোগ নিচ্ছে। কিন্তু এখন এ নির্বাচন করার কোনো অর্থই নেই। এই নির্বাচন নিয়ে বিএনপি কী ভাবছে—জানতে চাইলে তিনি বলেন, এখনো তাঁরা এ বিষয়টি নিয়ে কোনো চিন্তাভাবনা করছেন না। হয়তো দলের উচ্চপর্যায় পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে রাজনৈতিক দলগুলোর সমর্থিত প্রার্থীরাই মূলত এসব নির্বাচনে অংশ নেন। এর আগে ২০১৩ সালের জুনে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট এবং পরের মাসে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। সে সময়ও দলটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে ছিল। তবে তখন আন্দোলন ছেড়ে চার সিটি নির্বাচনের ওপর দলীয়ভাবে জোর দিয়েছিল বিএনপি। ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের এই আমলে উপজেলা নির্বাচনেও অংশ নিয়েছিলেন বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীরা। কেন্দ্রীয়ভাবে নির্বাচনের সবকিছু দেখভাল করেছিল বিএনপি।
তবে বিএনপির নেতারা বলছেন, এবারের পরিস্থিতি ভিন্ন। এখন বিএনপি টানা আন্দোলনে আছে। বিএনপি জোটকে এ আন্দোলন থেকে সরাতে সরকার ঢাকা সিটি নির্বাচনের কৌশল নিয়েছে। এ অবস্থায় সিটি নির্বাচনকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিচ্ছিন্ন অবস্থায় আছেন। সবার সঙ্গে সবার যোগাযোগের সুযোগ নেই। চেয়ারপারসনের কাছেও সবাই যেতে পারছেন না। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, যেহেতু আন্দোলন চলছে, বিরতিহীনভাবে এই আন্দোলন চলবে। বিএনপি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে যাবে না। কারণ এখন সিটি নির্বাচন নয়, জাতির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি জাতীয় নির্বাচন এবং সে জন্য আলাপ-আলোচনার মাধ্যমে একটি পরিবেশ সৃষ্টি করা দরকার।
বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে গেলে বিএনপির প্রার্থী জিতবেন। কিন্তু তাতে কী লাভ হবে? তাঁদের তো পরে জেলে নিয়ে যাওয়া হবে।’