ডিসেম্বরের শেষার্ধে রংপুর সিটি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ডিসেম্বরের শেষার্ধে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই নির্বাচনে এক বা একাধিক ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ডিভিএম ব্যবহার করার চেষ্টা করবে কমিশন। সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসির এ সিদ্ধান্তের পর রংপুর শহরে এ নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়ে গেছে। তবে আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য প্রার্থী ইতিমধ্যে গণসংযোগে নেমে পড়েছেন। আর জাতীয় পার্টির প্রার্থীর নাম ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদ। বিএনপির প্রার্থী ঘোষণা না হলেও অনেকেই গণসংযোগে ব্যস্ত।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে গতকাল ইসির বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, শাহাদৎ হোসেন চৌধুরীসহ কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, রংপুর সিটি করপোরেশনে ভোটের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর যেকোনো দিন নির্বাচন হবে। সাধারণত ভোটের দিনের ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এক বা একাধিক ওয়ার্ডে ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। সম্ভব হলে দু-তিনটি ওয়ার্ডে ভোটিং মেশিন ব্যবহার করা হবে।

ইসি সূত্র বলেছে, ২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন হয়। প্রথম সভা হয় ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি। সে হিসাবে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা আছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন হতে পারে। হালনাগাদ তথ্য অনুযায়ী রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। নির্বাচনে সম্ভাব্য কেন্দ্র ধরা হয়েছে ১৯৬টি।

বৈঠক সূত্র বলেছে, কমিশনের বৈঠকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। মাঠপর্যায়ে বিভিন্ন জায়গায় ল্যাপটপ, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ও সিগনেচার প্যাডের স্বল্পতা আছে। এগুলো কীভাবে সমাধান করা হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়।

গণসংযোগে সম্ভাব্য প্রার্থীরা

রংপুর সিটি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা আগাম গণসংযোগে ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন। তাঁরা দোয়া চাইতে নগরবাসীর কাছে যাচ্ছেন। অনেকেই পোস্টার সাঁটিয়েছেন। কেউ প্রচারপত্রও বিলি করছেন।

জাতীয় পার্টির মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমানকে গত ১৮ মার্চ মহানগর জাতীয় পার্টির সমাবেশ থেকে প্রার্থী ঘোষণা করেন দলীয় চেয়ারম্যান। এরপর থেকে তিনি পুরোদমে গণসংযোগ শুরু করেছেন। এরশাদও বিভিন্ন সময়ে বেশ কয়েকটি কর্মিসভায় মেয়র প্রার্থী হিসেবে তাঁকে পরিচয় করিয়ে দেন।

তবে এরশাদের সিদ্ধান্তকে উপেক্ষা করছেন তাঁরই ভাতিজা ও জাতীয় পার্টির সাবেক সাংসদ (রংপুর-১) হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। ইতিমধ্যে তিনি কেরামত আলীর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে বলেছেন, ‘দলীয় মনোনয়ন পাইনি দুঃখ নেই। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি মেয়র পদে নির্বাচন করার। তাই প্রতিদিনই ছুটছি মানুষের দ্বারে দ্বারে।’

জাতীয় পার্টির শহর শাখার সাবেক সভাপতি ও রংপুর পৌরসভার সাবেক মেয়র আবদুর রউফও প্রচারণায় নেমেছেন। তিনি বলেন, ‘নির্বাচন করব বলেই পোস্টার লাগিয়েছি। দলের মনোনয়ন না পেলেও নাগরিক কমিটির পক্ষ হয়ে প্রচারণা শুরু করেছি।’

আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে শহরের পাড়া-মহল্লাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোয়। কে প্রার্থী হচ্ছেন, তা এখনো পরিষ্কার নয়। এমনকি জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারাও বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

তবে জেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষ নেতার ভাষ্য, রংপুর হলো জাতীয় পার্টির দুর্গ। তার ওপর মহাজোট রয়েছে। এ কারণে এখানকার মেয়র প্রার্থী নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে খুব একটা তোড়জোড় নেই। এরপরও আওয়ামী লীগের পক্ষে তিনজন সম্ভাব্য প্রার্থী প্রচারণায় নেমেছেন। তাঁদের মধ্যে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সরফুদ্দীন আহমেদ রয়েছেন।

এদিকে দলীয় পরিচয় না দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান রঙিন প্রচারপত্র বিলি করে নগরবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি রংপুরের উন্নয়নে শরিক হতে চান। মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমানও গণসংযোগ শুরু করেছেন। এ ছাড়া সাবেক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীনও আওয়ামী লীগের প্রার্থী হওয়ার আশায় গণসংযোগে নেমেছেন।

বিএনপির মহানগর কমিটির সাবেক সভাপতি কাওসার জামান ইতিমধ্যে পোস্টার সাঁটিয়েছেন। তিনি বলেছেন, ‘আগেও সিটি করপোরেশনের নির্বাচন করেছি। এবারও করব আশা করি।’ মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোজাফফর হোসেন ও শহিদুল ইসলামের নামও শোনা যাচ্ছে। দলের মনোনয়ন পেলে তাঁরা নির্বাচন করবেন বলে জানিয়েছেন।