ডেইলি স্টার-প্রথম আলোকে চোখ গরমে সমাধান নেই: এমাজউদ্দীন

১ / ১১-এর ক্ষেত্র তৈরি করার জন্য রাজনীতিকদের দায়ী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তিনি বলেছেন, যার আন্দোলনের ফসলই হোক না কেন ১ / ১১-এর সরকার নীতিগতভাবে অবৈধ। ‘ডেইলি স্টার’, ‘প্রথম আলো’ পত্রিকার সাংবাদিকের দিকে তাকিয়ে চোখ গরম করলে সমস্যার সমাধান হবে না।
আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনাসভায় এমাজউদ্দীন আহমদ এ মন্তব্য করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম এই আলোচনাসভার আয়োজন করে।
সাম্প্রতিক সময়ে এক-এগারো নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে এমাজউদ্দীন বলেন, ‘আজকে দু-এক জন যারা নিগৃহীত নির্যাতিত হয়েছিল, তাদের মুখে খানিকটা প্রতিবাদের সুর শোনা যায়। নীতিগতভাবে এই সরকার অবৈধ, যারই আন্দোলনের ফসলই হোক, মাননীয় প্রধানমন্ত্রীতো স্পষ্টই করেই বলেন, “আমাদের আন্দোলনের” ফসল। কার বিরুদ্ধে মামলা করবেন? সাংবাদিক, ডেইলি স্টারের প্রথম আলোর সাংবাদিকের দিকে তাকিয়ে চোখ গরম করলে সমস্যার সমাধান হয় না।’
১ / ১১-এর প্রেক্ষাপট তৈরির জন্য রাজনীতিকদের দায়ী করে এমাজউদ্দীন আহমদ বলেন, ‘ওয়ান-ইলেভেনের ঘটনাকে কে কীভাবে ব্যাখ্যা করবেন জানি না, রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে স্পষ্টভাবে বলতে চাই, ইট ওয়াজ আ মিলিটারি ক্যু। এটা সামরিক অভ্যুত্থান ছিল। সামরিক অভ্যুত্থান যখন ঘটে, অভ্যুত্থান শুধুমাত্র সামরিক কর্মকর্তাদের দ্বারা ঘটে না। উচ্চাকাঙ্ক্ষী কিছু সামরিক কর্মকর্তা তার কেন্দ্রে থাকেন, আর সঙ্গে থাকেন প্রচুর সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ, যাঁরা এই ক্ষেত্র তৈরি করেন। যতক্ষণ রাজনৈতিক নেতৃবৃন্দ সামরিক অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি না করেন, ততক্ষণ পর্যন্ত সামরিক অভ্যুত্থান কখনো কোথাও ঘটেনি। মঈন উদ্দিনকে একা দোষ দিয়ে লাভ নেই। মঈন উদ্দীন অভ্যুত্থান ঘটিয়েছেন, ফ্রন্টম্যান হিসেবে রেখেছিলেন ফখরুদ্দীনকে, তাঁকে রাখার অর্থই হলো প্রশাসনিক ব্যবস্থা যেন তাঁর সঙ্গে থাকে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ না করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগে যাঁরা ১ / ১১-এর পক্ষে কথা বলেছেন, তাঁরাই এখন এর বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু তিনি ১ / ১১-এর সরকারকে বৈধতা দিয়েছেন। তিনি বলেছিলেন,১ / ১১-এর সরকার তাঁদের আন্দোলনের ফসল। আজকে যখন তাঁদের আঁতে ঘা লেগেছে ও আক্রান্ত হচ্ছে, তখন এর বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু যাঁরা এ ঘটনাটি ঘটিয়েছেন, তাঁদের বিচারের আওতায় আনা হচ্ছে না। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ১ / ১১ সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন। কিন্তু সে মামলাটি চাপিয়ে রাখা হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, জাতীয়তাবাদী রাজনীতিকে স্তব্ধ করার ধারাবাহিকতায় খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল।
মির্জা ফখরুল বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদের প্রতীক। তাঁকে নিয়ে সরকারের যত ভয়। তাঁর বক্তব্য বাংলাদেশে প্রচার-প্রকাশ করতে দেওয়া হয় না।
অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল মাহমুদ টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান প্রমুখ বক্তব্য দেন।