ডেইলি স্টার-এর ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রভাব পত্রিকাটির পাতায় ইতিমধ্যে পড়তে শুরু করেছে বলে মনে করছেন একাধিক পর্যবেক্ষক। একজন সম্পাদককে ঘিরে এ ঘটনা সরকারের ভাবমূর্তির ওপর কী প্রভাব ফেলে, তা নিয়েও মতামত দিয়েছেন তাঁদের কেউ কেউ। খবর বিবিসি বাংলার।
২০০৭ ও ২০০৮ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনা গোয়েন্দা সংস্থার তথ্য যাচাই না করে ছাপানোর কথা স্বীকার করার পর থেকে সরকারি দলের কাছ থেকে তীব্র চাপে পড়েছেন মাহ্ফুজ আনাম। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আত্মসম্মানবোধ থাকলে সম্পাদকের পদ থেকে সরে যেতেন মাহ্ফুজ আনাম। এর আগে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হওয়ার প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাদের অনেকেই বলেছিলেন, তাঁদের দল এবং সরকার বিষয়টায় কোনো অবস্থান নেয়নি বা আনুষ্ঠানিক কোনো আলোচনা তারা করেননি। বরং মামলাগুলো ব্যক্তিগত পর্যায় থেকেই হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনার প্রতিক্রিয়ায় মাহ্ফুজ আনাম গত সোমবার বিবিসি বাংলাকে বলেছিলেন, সে সময়ে (সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়) অনেকে একই খবর ছাপলেও তাঁকে বিচ্ছিন্ন করার জন্য এসব বলা হচ্ছে।
ইংরেজি দৈনিক নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বিবিসিকে বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী যখন একটা পত্রিকা এবং তার সম্পাদককে নিয়ে কথা বলেন, তখন তার ভেতরে যাঁরা কাজ করেন, সেখানে যাঁরা একটু স্বাধীনভাবে মত প্রকাশ করতে চান, তাঁদের ওপরে তো একটা প্রভাব পড়বেই। এর সঙ্গে যদি অর্থনৈতিকভাবে আরও চাপ সৃষ্টি করা হয়, তাহলে তো ডেইলি স্টার ক্ষতিগ্রস্ত হতে পারে।’
বিষয়টি সরকার যেভাবে সামলাচ্ছে তাতে আন্তর্জাতিক ক্ষেত্রে মাহ্ফুজ আনামই সুবিধা পেতে পারেন বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান। তিনি বলেন, ‘আমি মনে করি, একটা বোকামির হ্যান্ডেলিং হচ্ছে। মাহ্ফুজ আনামকে অহেতুক আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন করে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল মনে করেন, উদ্ভূত পরিস্থিতিতে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং পত্রিকার পাতায় ইতিমধ্যে তার প্রভাব দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘আমি মনে করি মাহ্ফুজ আনামকে যেভাবে হেনস্তা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে; এর পেছনে মূল উদ্দেশ্যটা হচ্ছে স্বাধীন গণমাধ্যম যেন দেশে না থাকে। যখন দেশের প্রধানমন্ত্রী বলেন, দুইটা পত্রিকা আমার বিরুদ্ধে নানা কুৎসা রটনা করছে, আমাদের ভালো দেখতে পারে না; তখন তো এমনিই সেলফ সেন্সরশিপ চলে আসবে। কারণ, এই সংবাদপত্র জগতেরই একাংশ আবার ক্ষমতাসীন দলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে যেভাবে অ্যাটাক (আক্রমণ) করছে; এটার মূল উদ্দেশ্যই মনে হচ্ছে যে বাংলাদেশে স্বাধীনভাবে যাঁরা সাংবাদিকতা করতে চান, ভিন্নমত পোষণ করতে চান, সরকারের সমালোচনা করতে চান, তাঁদের ভীতসন্ত্রস্ত করে রাখা।’ আসিফ নজরুল বলেন, ‘আমি মনে করি, এর প্রভাব ইতিমধ্যে আমরা প্রথম আলো এবং ডেইলি স্টার-এ দেখতে পাই।’