ডেপুটি স্পিকারের পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পক্ষে গতকাল সোমবার দুপুরে পাল্টা সংবাদ সম্মেলন করেছে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের একাংশ। গতকাল গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য দেন সাঘাটা উপজেলা আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক আবদুল হামিদ সরকার।
আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ফজলে রাব্বী মিয়ার বক্তব্য চলাকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসানের সমর্থকেরা সভাস্থলে ঢুকে হামলা চালান। এতে সাঘাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলমসহ অনেকে আহত হন। অথচ এই ঘটনাকে ধামাচাপা দিতে ডেপুটি স্পিকারের নাম জড়িয়ে তাঁরা (মাহমুদ হাসান রিপনের সমর্থকেরা) গত রোববার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেন।
তবে গতকালের সংবাদ সম্মেলনে ডেপুটি স্পিকারের বিরুদ্ধে ১৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সিন্ডিকেটের সদস্যদের সভাপতি করা, টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর যে অভিযোগ গত রোববার করা হয়েছিল, সে বিষয়ে কিছু বলা হয়নি।
সম্মেলনে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজার রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সাঘাটা উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক নাসিরুল আলম প্রমুখ।
ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর পক্ষের সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশীল আরেফিন গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ‘গত ১৭ মার্চ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ঘিরে ডেপুটি স্পিকারের সমর্থকেরা সভা করেন। উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গেলে ডেপুটি স্পিকারের সমর্থকেরা হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালান।’ তিনি আরও বলেন, ‘আমাকে সাধারণ সম্পাদক করে যে কমিটি গঠিত হয়, সেটি বৈধ। অথচ ডেপুটি স্পিকারের সমর্থকেরা জোর করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় দিচ্ছেন।’
এ নিয়ে গতকাল রোববার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।