ডোমার পৌরসভা নির্বাচন আজ
নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচন আজ রোববার। সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভোট গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনী।
পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক (নৌকা), অপর তিন স্বতন্ত্র প্রার্থী হলেন উপজেলা বিএনপির সভাপতি বর্তমান মেয়র মনছুরুল ইসলাম (নারিকেলগাছ), জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান (মুঠোফোন), উপজেলা জামায়াতের সাবেক আমীর কাজী আবু জাফর মোহাম্মদ জুল কাদের (জগ)।
পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে আটটিতে সাধারণ কাউন্সিলর পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৈয়দ শফিক বিন মোর্শেদ কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সেখানে ওই পদে ভোট অনুষ্ঠিত হবে না। সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, নয়টি ভোটকেন্দ্রেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তা, মোট ৩৮ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৭৬ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার মোতায়েন থাকবে। আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই ভোট গ্রহণ চলবে।