ড্যাপ সংশোধনের নামে বেরিয়ে এসেছে 'থলের বিড়াল'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) ভুল সংশোধনের নামে যেনতেনভাবে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দাবিকৃত ভূমির শ্রেণি পরিবর্তন করে দেওয়ার অভিযোগ ছিল আগে থেকেই। গতকাল সোমবার অনুষ্ঠিত ড্যাপ সংশোধনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘থলের বিড়াল’ বের করে এনেছেন মন্ত্রিসভা কমিটির সদস্যরা।

কমিটির সভাপতি এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওই সভায় ড্যাপের তথাকথিত ভুল সংশোধন করে ভূমির শ্রেণি পরিবর্তনের সুপারিশ করে ৫৪টি আবেদন অনুমোদনের জন্য উপস্থাপন করে কারিগরি কমিটি। রাজউক, ঢাকা ওয়াসাসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিশেষায়িত কর্মকর্তাদের সমন্বয়ে এই কারিগরি কমিটি গঠিত। তাদের দায়িত্ব হচ্ছে ড্যাপের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সেই ক্ষতি রোধে করা আবেদনের যথার্থতা যাচাই করে মন্ত্রিসভা কমিটির কাছে করণীয় সুপারিশ করা।

সেভাবেই কারিগরি কমিটি ওই ৫৪টি সুপারিশ উপস্থাপন করে মন্ত্রিসভা কমিটির অনুমোদন চায়। কারিগরি কমিটির সদস্যসহ অনেক কর্মকর্তা অনুমোদন দেওয়ার পক্ষে সভায় যুক্তিও তুলে ধরেন। কিন্তু মন্ত্রিসভা কমিটির দুজন সদস্য—ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ অনুমোদন দেওয়ার আগে ভালোভাবে বিষয়গুলো বুঝে নেওয়ার কথা বলেন। কারণ, তাঁরা বলেন, একবার অনুমোদন দেওয়া হলে আর করার কিছু থাকবে না।

এই পর্যায়ে সভার সভাপতি অনুমোদন চাওয়া আবেদনগুলোর বিষয়বস্তু একটি একটি করে উপস্থাপন করতে বলেন। সে অনুযায়ী কারিগরি কমিটির একজন সদস্য প্রথমেই উপস্থাপন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলামের আবেদনটি। উত্তরা ১২ নম্বর সেক্টরে ছয় একর জমিজুড়ে ওই কলেজের ক্যাম্পাস। সেখানে তিনি একাধিক ভবন নির্মাণ করেছেন। ড্যাপে ওই স্থানটিকে বলা হয়েছে ‘ওভারলে জোন’। অর্থাৎ জায়গাটি যেমন ছিল (ড্যাপ প্রণয়নের সময়) তেমন রাখতে হবে। কিন্তু আবেদনকারী জায়গাটির স্বীকৃতি চান প্রাতিষ্ঠানিক এলাকা হিসেবে।

উপস্থাপনের একপর্যায়ে মন্ত্রিসভা কমিটির সদস্যরা জানতে চান, কলেজের ভবনাদি রাজউকের অনুমোদন নিয়ে করা হয়েছে কি না। জবাবে রাজউকের কর্মকর্তারা বলেন, ‘না’। এ সময় পানিসম্পদমন্ত্রী জানতে চান, রাজউকের অনুমোদন না নিয়ে ভবন নির্মাণের জন্য মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না। রাজউকের কর্মকর্তারা তখন নিরুত্তর থাকেন।

এরপর একজন কর্মকর্তা ওই কলেজের ছয় একর জায়গার দাগ-খতিয়ান নম্বরের প্রতি কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জমির কোনো কোনো দাগ নম্বর উল্লেখ করা হয়েছে সিএস (ব্রিটিশ আমলে করা ক্যাডাস্ট্রেল সার্ভে) খতিয়ান অনুযায়ী। আবার কোনো কোনো দাগ নম্বর দেওয়া হয়েছে আরএস (পাকিস্তান আমলে করা রিভিশনাল সার্ভে) অনুযায়ী। এতে জমির প্রকৃত মালিকানা নিয়ে সন্দেহ করার কারণ আছে বলে তিনি উল্লেখ করেন।

এই সব আলোচনার পরিপ্রেক্ষিতে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এই যদি হয় আপনাদের কর্মকাণ্ড, তাহলে ড্যাপের কাগজপত্র আপনারা ফেলে দিন।’ ভূমিমন্ত্রীও তাঁকে সমর্থন জানান। এ সময় গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন রাজউকের এ ধরনের কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় আজ আমি লজ্জিত বোধ করছি।’

এই পর্যায়ে কমিটির সভাপতি এলজিআরডি মন্ত্রী বলেন, ‘এ ধরনের ক্ষেত্রে আমাদের উচিত হবে তাঁদের (কারিগরি কমিটি ও রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের) কাছে কৈফিয়ত চাওয়া। একই সঙ্গে তিনি এলজিআরডি সচিব আবদুল মালেককে আহ্বায়ক করে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বলেন, কারিগরি কমিটি ৫৪টি আবেদন যথাযথভাবে পর্যালোচনা করে ড্যাপ সংশোধনের সুপারিশ করেছে কি না, তা সরেজমিনে অনুসন্ধান করে এই কমিটি প্রতিবেদন দেবে। মন্ত্রিসভা কমিটির অন্য সদস্যরা এবং সভায় উপস্থিত সচিবেরা তাঁর এই প্রস্তাবে সমর্থন দেন।

গতকালের সভার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মাইলস্টোন কলেজের পরিচালক (প্রশাসন) মাসুদ আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের দুটি ভবন নিজস্ব। বাকি ভবনগুলো ভাড়া করা। আমাদের জানামতে, ওইগুলো রাজউকের অনুমোদন নিয়েই করা।’

দুটি সমীক্ষা প্রতিবেদন: এই আলোচনার আগে, সভার শুরুতে ‘সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)’ এবং ‘ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)’-এর পক্ষ থেকে ঢাকার বন্যানিয়ন্ত্রণ, পানিনিষ্কাশন ও জলাবদ্ধতা রোধে করণীয় সম্পর্কে দুটি সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়। ড্যাপ সংশোধনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নির্দেশেই তাঁরা এই সমীক্ষা করেন।

ওই সমীক্ষা প্রতিবেদন দুটিতে বলা হয়, সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকার বন্যানিয়ন্ত্রণ, পানিনিষ্কাশন ও জলাবদ্ধতা রোধ সম্পর্কেও কখনো সুচিন্তিত পরিকল্পনা করা হয়নি। ফলে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়, তা নিয়ন্ত্রণের জন্য ড্যাপ তৈরি করা হয়েছিল। তবে ড্যাপেও অনেক প্রয়োজনীয় বিষয় বিবেচনায় নেওয়া সম্ভব হয়নি। কিন্তু যেসব বিষয় ড্যাপে নির্ধারণ করা হয়েছে, সেগুলো কার্যকর না হলে ঢাকা বেশি দিন আর বাসযোগ্য থাকবে না।

প্রতিবেদন দুটিতে বলা হয়, ঢাকার চারপাশের নদী ও নগরীর ভেতরের সব খাল পুনরুদ্ধার ও খনন করে এগুলোর প্রবাহ বৃদ্ধি ও আন্তসংযোগ করে দিতে হবে। এই প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসভায়বলেন, খাল উদ্ধার করে দুই পাড় বাঁধিয়েও তা রক্ষা করা যাচ্ছে না। বস্তিবাসী ও ভূমিদস্যুরা তা কোনো-না-কোনোভাবে দখল ও দূষণ করছেন। এর প্রতিকারও বের করতে হবে।

প্রতিবেদন দুটিতে নগরীর বিভিন্ন স্থানের জলাভূমি সংরক্ষণ করার কথাও হয়। কিন্তু এ প্রসঙ্গে এলজিআরডি মন্ত্রী বলেন, মহানগরীর মধ্যে জলাভূমি সংরক্ষণের তত্ত্ব কাজ দেবে বলে মনে হয় না। নিষ্কাশন তত্ত্বে যেতে হবে।

এ ব্যাপারে সিইজিআইএস এবং আইডব্লিউএমকে যৌথভাবে একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করে আগামী দুই সপ্তাহের মধ্যে উপস্থাপন করতে বলা হয়। এলজিআরডি মন্ত্রী বলেন, এই পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। অর্থের সংস্থানও করা হবে।