ড্রেজার কেনার দরপত্র নিয়ে সংসদীয় কমিটির অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহন মন্ত্রণালয় তড়িঘড়ি করে ২০টি ড্রেজার কেনার জন্য দরপত্র আহ্বান করায় অসন্তোষ প্রকাশ করেছে এ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ ভবনে গতকাল সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্র জানায়, সরকারের পরিকল্পনা অনুযায়ী নদী খননের জন্য ২০টি ড্রেজার কেনার কথা। সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ড্রেজার কেনার বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মতামত চায়। কমিটির সিদ্ধান্ত ছিল সিপিটিইউর মতামত পাওয়ার পর আলোচনা করে দরপত্র আহ্বান করা হবে। সম্প্রতি সিপিটিইউ মতামত পাঠিয়েছে। কিন্তু এ নিয়ে আলোচনার আগেই মন্ত্রণালয় ড্রেজার কেনার জন্য দরপত্র আহ্বান করে ফেলেছে। এ জন্য গতকাল সংসদীয় কমিটি জরুরি বৈঠকের আয়োজন করে।
বৈঠক শেষে গতকাল কমিটির সদস্য তালুকদার আবদুল খালেক সাংবাদিকদের বলেন, কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে জন্য সংসদীয় কমিটির সঙ্গে আলোচনা করে দরপত্র আহ্বান করতে বলা হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় আলোচনার আগেই দরপত্র ডেকে ফেলেছে। যেহেতু দরপত্র ডেকে ফেলেছে, তাই কমিটি প্রক্রিয়া অব্যাহত রাখতে বলেছে। তবে কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলেছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, গত বছর সরকার ২ হাজার ৪৮ কোটি টাকা ব্যয়ে ২০টি ড্রেজার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার
জন্য একটি প্রকল্প গ্রহণ করে। বছরে ২৩২ দশমিক ৫০ লাখ কিউবিক মিটার নদী খননে বিআইডব্লিউটিএকে সক্ষম করতে এই প্রকল্প নেওয়া হয়। বর্তমানে বিআইডব্লিউটিএর ২১টি ড্রেজার রয়েছে। এসব ড্রেজারের বছরে খনন ক্ষমতা রয়েছে ১১০ লাখ কিউবিক মিটার। তবে দেশে নৌপথে নাব্যতা স্বাভাবিক রাখতে বছরে ৮৮২ দশমিক ৫৩ লাখ কিউবিক মিটার খনন করা প্রয়োজন।
কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং আনোয়ারুল আজীম।