ঢাউস কমিটি, বিতর্কের শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর মেয়াদের কমিটির ছয় মাস পার হওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে ছাত্রদল, শিবির ও বহিষ্কৃতদের পদ দেওয়াসহ নানা অভিযোগ তুলেছেন খোদ সংগঠনটিরই নেতা-কর্মীরা।

অভিযোগ উঠেছে, কমিটি গঠনের ক্ষেত্রে ছাত্রলীগের গঠনতন্ত্র তো মানা হয়ইনি, বরং জায়গা পেয়েছেন বিতর্কিতরা। মোট কত সদস্যের কমিটি, তা নিয়েও লুকোচুরি করা হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী পদসংখ্যা ১৫১টি হলেও কমিটি করা হয়েছে প্রায় আড়াই শ সদস্যের।

কমিটি ঘোষণার পর সহসভাপতির পদ পাওয়া কাজী আমিনুল হক তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘ছাত্রদল, ছাত্রশিবির, অছাত্র ও বহিষ্কৃতদের কমিটিতে এনে আমাদের ধন্য করেছেন। যাঁরা আপনাদের নেতা বানিয়েছেন, তাঁদের সম্মান কতটুকু রাখতে পারলেন, বিবেককে প্রশ্ন করে দেখেন।’

গত বছরের ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন হয়। তিন দিন পর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এর ছয় মাস পর ১৮ জুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে ছাত্রলীগ। গত সোমবার সন্ধ্যায় তা প্রকাশ করা হয়। এতে সম্মেলনে ঘোষিত আংশিক কমিটির নেতাদের পদের অবনমন ঘটেছে।

মোট সদস্য কত

ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, সংগঠনটির পাবলিক বিশ্ববিদ্যালয় শাখাগুলো জেলা ইউনিটের মর্যাদা পেয়ে থাকে। ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা বলেন, আগে জেলা কমিটি ১২১ সদস্যবিশিষ্ট ছিল। ছাত্রলীগের বর্তমান কমিটি গঠনতন্ত্র সংশোধন করে তা ১৫১ সদস্যের করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগেরও ১৫১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে পরে তা বেশি হতে পারে।

গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ তাঁর ফেসবুক পাতায় কমিটির সদস্যদের নামসংবলিত ছয়টি ছবি তুলে (আপলোড) দেন। সেখানে হিসাব করে কমিটির সদস্যসংখ্যা ১১০ জন পাওয়া গেছে। তবে সংগঠনটির একাধিক সূত্র জানিয়েছে, পূর্ণাঙ্গ কমিটি ২৫১ সদস্যের করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ১৫১ সদস্যের কমিটি করা হয়েছে। তবে কমিটিতে সদস্য কিছু বেশি হওয়ায় সবার তালিকা প্রকাশ করা হয়নি।

সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অনেক ত্যাগী নেতা-কর্মী দীর্ঘদিন রাজনীতি করেও পদ পাননি। তাঁদের মূল্যায়ন করা হয়েছে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কমিটি কিছুটা বড় হয়েছে।’

জায়গা পেয়েছেন বিতর্কিতরা

শুধু সভাপতি-সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ হওয়ায় নতুন কমিটিতে জায়গা পেয়েছেন অনেক বিতর্কিত নেতা। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আর সভাপতি-সম্পাদকের ঘনিষ্ঠ না হওয়ায় পদবঞ্চিত হয়েছেন কিছু নেতা-কর্মী। গত সম্মেলনে যাঁরা অন্য নেতার অনুসারী হয়ে রাজনীতি করেছেন, তাঁদের পদ দেওয়া হয়নি বলে দাবি করেছে একটি অংশ। পদবঞ্চিত এক কর্মী বলেন, ‘ক্যাম্পাস জীবনের শুরু থেকে ছাত্রলীগের রাজনীতি করছি। কিন্তু গত সম্মেলনে আরেক নেতার মিছিলে থাকায় কমিটিতে পদ পেলাম না।’

ছাত্রলীগ সূত্র জানায়, সভাপতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মাহফুজুর রহমান এহসান পেয়েছেন সহসভাপতির পদ। তিনি ২০১৪ সাল পর্যন্ত ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। নাশকতার মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন তিনি। সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত আবু খায়ের মোস্তফা ও ইকবাল হোসেনআগে ছাত্রদল করতেন। ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর হাত থেকে ফুল নিয়েছাত্রদলে যোগ দিয়েছিলেনআবু খায়ের। ইকবালের বিরুদ্ধে অস্ত্র আইনেএকটি মামলাও আছে। তাঁরা দুজনই পেয়েছেন সহসভাপতি পদ। আরেক সহসভাপতি পদ পাওয়া রবিউল আওয়ালের বিরুদ্ধে নিজ বিভাগে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন এক ছাত্রী। পরে তিনি বিভাগে লিখিত মুচলেকা দেন। ক্যাম্পাসে কর্মরত এক সাংবাদিককে মারধরের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছিল ছাত্রলীগ। সহসভাপতির পদ পাওয়া রেজয়ানুল হক দলীয় কর্মীকে মারধরের দায়ে বহিষ্কৃত হয়েছিলেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি করে আমরা কেন্দ্রে জমা দিয়েছিলাম। কেন্দ্র যাচাই-বাছাই করে বিতর্কিতদের বাদ দিয়েই কমিটি অনুমোদন দিয়েছে।’

পেছনের সারিতে নারী নেতৃত্ব

ঘোষিত কমিটির ১৫১ জনের নামের তালিকায় দেখা গেছে, এতে ছাত্রীরা পেয়েছেন মাত্র পাঁচটি পদ। এর মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সহসম্পাদকের তিনটি পদ দেওয়া হয়েছে তিন ছাত্রীকে। তাঁরা হলেন মৌসুমী বিশ্বাস, ফৌজিয়া হক ও শাহিনুর আক্তার। আর ছাত্রীবিষয়ক সম্পাদক ও উপসম্পাদকের দুটি পদ পেয়েছেন দুজন। তাঁরা হলেন মাহজাবীন সাঈদা ও শামীমা আক্তার। সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক কিংবা সাংগঠনিক সম্পাদকের মতো পদগুলোতে একজন ছাত্রীকেও দেওয়া হয়নি। এ কারণে নারীরা ছাত্রলীগের রাজনীতিতে আরও আগ্রহ হারাবেন বলে আশঙ্কা করছেন নেতা-কর্মীরা।

পাল্টে গেল পদক্রম

সম্মেলনের পর সভাপতি-সাধারণ সম্পাদকসহ তিনজন সহসভাপতি, চারজন যুগ্ম সাধারণ সম্পাদক ও চারজনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। বর্তমানে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ঠিক থাকলেও পাল্টে গেছে বাকিদের পদক্রম।

কমিটি ঘেঁটে দেখা গেছে, আংশিক কমিটির ১ নম্বর সহসভাপতির পদে থাকা কাজী আমিনুল হকের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা হয়েছে ১৮ নম্বরে। দুই নম্বর সহসভাপতি পদে থাকা সৈকত হোসাইনকে রাখা হয়েছে ১৯ নম্বরে। সহসভাপতির তিন নম্বর স্থানে থাকা হাবিবুল্লাহ নিক্সন চলে গেছেন পাঁচ নম্বরে। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর ইসলামের জায়গা হয়েছে ৯ নম্বরে। দুই ও তিন নম্বরে থাকা ফয়েজ আহমেদ ও মামুন শেখকে দেওয়া হয়েছে সাত ও আট নম্বরে। আর চার নম্বরে থাকা শাহিনুল সরকারকে রাখা হয়েছে ১০ নম্বরে। আংশিক কমিটির সাংগঠনিক সম্পাদকের ১ নম্বরে থাকা আবদুল মোমিন চলে গেছেন তিন নম্বরে। তিন নম্বরে থাকা এনায়েত হক গেছেন ১০ নম্বরে আর চার নম্বরে থাকা রেজাউল করিম ৯ নম্বরে। দুই নম্বরে থাকা সাবরুন জামিল এসেছেন ১ নম্বরে।

ছাত্রলীগের নেতা-কর্মীরা বলছেন, এর আগে কোনো কমিটিতে এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানা নেই। কেন্দ্রীয় ছাত্রলীগ প্রথমে যে ক্রমিক অনুযায়ী অনুমোদন দিল, পূর্ণাঙ্গ কমিটিতে সেটি পাল্টে যায় কীভাবে? তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেছেন, গঠনতন্ত্রে বিধিনিষেধ নেই।