আওয়ামী লীগের ঢাকা জেলার নেতারা প্রকাশ্যে একে অপরের সমালোচনায় মুখর হলেন। দলে অনৈক্য, সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও পদ-পদবির ক্ষেত্রে স্বজনপ্রীতিরও অভিযোগ আনলেন কেউ কেউ। আর এসব কিছু হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে।
গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ সভায় এসব ঘটনা ঘটে।
সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার দলীয় নেতাদের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনার সূত্রপাত ঘটান। তিনি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা সাভার উপজেলায় আসেন। আমরা মিটিং ডাকি, আপনারা আমাদের কথা শুনবেন। আমরাও আপনাদের কথা শুনব। দলের মধ্যে অভ্যন্তরীণ কিছু কোন্দল রয়েছে, যা সংশোধন করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই রাজনীতি করছি। রাজনীতির জন্য শ্রম, ঘাম এবং অর্থ ব্যয় করলাম কিন্তু হঠাৎ করে আপনারা (কেন্দ্রীয় নেতা) সাংসদ বানিয়ে দেন। কিন্তু কেন? আপনারা কি আমাদের মতো মানুষদের চোখে দেখেন না? আমরা কি যোগ্যতার সঙ্গে রাজনীতি করি নাই?’
ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ধামরাই উপজেলায় আওয়ামী লীগসহ সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের অবস্থান আগের মতো নেই।
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, ধামরাই আওয়ামী লীগে আগে দ্বন্দ্ব ছিল না কিন্তু এখন অনেক দ্বন্দ্ব দেখা যাচ্ছে। দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আব্দুল মান্নান খান প্রতিমন্ত্রী থাকাকালে তাঁর কথায় সংগঠন চলত।
এসব বক্তব্য শোনার পর ওবায়দুল কাদের বলেন, ‘এখানে খোলামেলা আলোচনায় আমরা বিব্রত। ছোটখাটো সমস্যা থাকতে পারে। কিন্তু এত ঝগড়া কেন? এত বাদানুবাদ কেন? একই পরিবারে কাজ করতে গিয়ে মতবিরোধ হয়। সমাধানও হয়। কিন্তু ঘরের ভেতর ঘর কেন? আপন ঘরে শত্রু হলে বাইরের শত্রু দরকার আছে? ঘরে শত্রু তৈরি করবেন না।’