ঢাকা দক্ষিণ ছাড়া সব প্রার্থীই প্রায় চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ
আওয়ামী লীগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে শেষ পর্যন্ত সাঈদ খোকন আওয়ামী লীগের সমর্থন পেলেন। দলের অপর সমর্থনপ্রত্যাশী হাজি মোহাম্মদ সেলিমকে সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে ভূমিকা রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সাঈদ খোকনকে দলের সমর্থন দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে হাজি সেলিমকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ না করার জন্য বলা হয়েছে।
এ ছাড়া গতকাল বিএনপি ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু ঢাকা উত্তর সিটি ও আবদুস সালাম দক্ষিণ সিটির জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলম আবারও প্রার্থী হচ্ছেন। তবে তাঁদের সমর্থনের বিষয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
গণভবনের বৈঠক: গত ২৬ ফেব্রুয়ারিই ব্যবসায়ী নেতা আনিসুল হক ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে দেখা করেছিলেন। সে সময় তাঁদের যথাক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র পদে সমর্থন দেওয়ার কথা সাংবাদিকদের জানানো হয়েছিল। তবে গতকালই প্রথমবারের মতো মহানগর নেতাদের ডেকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা ঢাকার দুই সিটির মেয়র প্রার্থীর নাম জানিয়ে দেন।
গতকালের বৈঠকে মহানগর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহসভাপতি কামাল আহমেদ মজুমদার, এ কে এম রহমতউল্যাহ, ফয়েজউদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী ও শাহ আলম মুরাদ।
ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী সম্পর্কে জানতে চাইলে খাদ্যমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ঢাকা দক্ষিণে আমাদের প্রার্থী সাঈদ খোকন এবং উত্তরে আনিসুল হক। আমরা আশা করছি, হাজি সেলিম নির্বাচনে অংশ নেবেন না।’
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, প্রধানমন্ত্রী কাল শুক্রবার রাতে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, সব থানা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের গণভবনে বৈঠক ডেকেছেন। ওই বৈঠকে দুই মেয়র প্রার্থী সাঈদ খোকন ও আনিসুল হককে থাকতে বলা হয়েছে। পরে প্রধানমন্ত্রী নগর নেতাদের নৈশভোজে আপ্যায়ন করবেন। সেখানেই সাঈদ খোকন ও হাজি সেলিমকে প্রধানমন্ত্রী মিলিয়ে দেবেন।
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী গতকাল বৈঠকে নেতাদের ঐক্যবদ্ধভাবে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন। একইভাবে কাউন্সিলর পদে একক প্রার্থী দেওয়ার কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, হাজি সেলিম সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন। তিনি তাঁকে পদত্যাগ করতে না করেছেন। কারণ, সংসদে তাঁর দরকার আছে।
এদিকে, হাজি সেলিম প্রার্থিতা প্রত্যাহার নিয়ে গতকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী জানান, তিনি বিশ্রামে আছেন। তবে মেয়র পদে প্রার্থী হওয়ার শর্ত মেনে সংসদ সদস্য পদ ছাড়তে গিয়ে বাধা পেয়েছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তবে এ বিষয়ে স্পিকারের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে হাজি সেলিম ফেসবুকে লিখেছেন, ‘স্পিকার আমার পদত্যাগপত্র গ্রহণ করেননি। পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় মেয়র পদে প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।’
দলীয় সূত্র জানায়, হাজি সেলিম মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী তাঁকে সংসদেই ভূমিকা রাখার পরামর্শ দেন।
মনোনয়নপত্র নিলেন আবদুল আউয়াল মিন্টু: এদিকে মেয়র পদে নির্বাচনের জন্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁর হয়ে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন তাঁর ছেলে তাসফির এম আউয়াল।
এ ছাড়া গতকাল মেয়র পদে ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম এবং বিএনপি-সমর্থিত শিক্ষকনেতা সেলিম ভূঁইয়া। এ ছাড়া গতকাল দক্ষিণ সিটির জন্য মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাসদ-সমর্থিত প্রার্থী বজলুর রশীদ ফিরোজ।
সব মিলিয়ে উত্তর সিটিতে এখন পর্যন্ত মেয়র পদে ২২ জন, কাউন্সিলর পদে ৬৩৪ এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দক্ষিণ সিটিতে মেয়র পদে ২৭ জন, কাউন্সিলর পদে ৯১৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রামে বর্তমান মেয়র আবার প্রার্থী: চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সেখানকার সিটি করপোরেশন নির্বাচনে ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’ বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে প্রার্থী ঘোষণা করেছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আযাদ এই ঘোষণা দেন।
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে ২০১০ সালের ১৭ জুন মোহাম্মদ মন্জুর আলম চট্টগ্রাম সিটির মেয়র নির্বাচিত হয়েছিলেন। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট-সমর্থিত পেশাজীবী নেতাদের নিয়ে এই সংগঠনটি গঠিত। গতকালের সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাদা প্যানেলের তিনজন শিক্ষক, বিএনপি-সমর্থিত দুজন আইনজীবী মঞ্চে ছিলেন। দর্শক সারিতে নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণিসহ বিএনপি ও অঙ্গসংগঠন ও তৃণমূলের নেতা-কর্মীদের দেখা গেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে গতবার বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে মেয়র পদে মনোনয়ন দিয়েছিলাম। গণতান্ত্রিক ধারাবাহিকতায় নির্দিষ্ট মেয়াদের শেষে আমরা চট্টগ্রাম নগরবাসী আবার নগর পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা চট্টগ্রাম নগরের চলমান উন্নয়নকাজের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে পুনরায় মেয়র পদে মনোনয়নের ঘোষণা দিচ্ছি।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে মোহাম্মদ মন্জুর আলম বিগত মেয়াদকালে চট্টগ্রাম সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, দলবাজি ও মাস্তানমুক্ত রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছেন। বিনয়ী, সদালাপী ও দাম্ভিকতাহীন দানশীল এই মানুষটি চট্টগ্রাম উন্নয়নে শুধু অঙ্গীকারবদ্ধই নন, বর্তমান মেয়রের পাঁচ বছরের মেয়াদকালে আগের ১৫ বছরের যত উন্নয়নকাজ হয়েছে, তার দ্বিগুণ করেছেন।’
গতকালের সংবাদ সম্মেলন সম্পর্কে জানতে চাইলে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মন্জুর আলমকে আমরা গতবার সমর্থন দিয়েছিলাম। নাগরিক আন্দোলন তাঁকে আবার প্রার্থী করেছে। মন্জুরকে সমর্থনের ব্যাপারে দু-এক দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত দেব।’
প্রতিক্রিয়া জানতে চাইলে মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘আমি গত পাঁচ বছরে অনেক কাজ করেছি। নগরবাসী এবং আমার দলের সমর্থন নিয়ে আবার মেয়র হলে অবশিষ্ট কাজ করে নেব।’
মোহাম্মদ মন্জুর আলম মনোনয়নপত্র দাখিলের আগে আজ বৃহস্পতিবার বা কাল শুক্রবারের মধ্যে মেয়র পদ থেকে পদত্যাগ করবেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমি সর্বোচ্চ দুই দিন মেয়র আছি। মনোনয়নপত্র দাখিলের আগেই পদত্যাগপত্র পাঠিয়ে দেব।’
এর আগে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে।
জাপার মেয়র প্রার্থী: চট্টগ্রামে মেয়র নির্বাচনে দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।