ঢাকা দক্ষিণে সিপিবির প্রার্থী প্রিন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহিন হোসেন প্রিন্স
রুহিন হোসেন প্রিন্স

ঢাকা সিটি করপোরেশন দক্ষিণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় নেতা ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স।
আজ বুধবার রাতে রাজধানীর দলীয় কার্যালয়ে সিপিবির ঢাকা কমিটির এক কর্মিসভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা কমিটির সভাপতি আশরাফ হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সিপিবির ঢাকা কমিটির সদস্য ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব প্রমুখ।
সিপিবির একটি সূত্র জানায়, দলের ঢাকা উত্তরের প্রার্থী হচ্ছেন আবদুল্লাহ আল কাফি রতন। তবে এ ব্যাপারে দুই-একদিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
সম্প্রতি, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ইঙ্গিত দিলে প্রার্থীদের তোড়জোড় শুরু হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হককে ঢাকা উত্তরের প্রার্থী এবং ঢাকার সাবেক মেয়র হানিফের ছেলে সাঈদ খোকনকে দক্ষিণের প্রার্থী মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টিও দক্ষিণে সাইফউদ্দিন আহমেদ মিলন এবং উত্তরে বাহাউদ্দিন আহমেদ বাবুলকে প্রার্থী ঘোষণা করেছে। তবে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের কোনো দল নির্বাচনে অংশ নেবেন কি না, তা জানায়নি।

এদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন বলে জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়াও ক্ষমতাসীন দলের কয়েকজন সাংসদও ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।