ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৯ দফা দাবি জানাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৯ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এসব দাবি-সংবলিত স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। স্মারকলিপি দেওয়ার আগে তাঁরা মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে দাবিগুলো তুলে ধরেন।
স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছাত্রসংগঠনগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। এ ধরনের উদ্যোগ ছাত্রসংগঠনগুলোর ভাবমূর্তি উজ্জ্বল করবে। তিনি সবাইকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন।
ছাত্রলীগের দাবিগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মানসম্মত খাবার, শ্রেণিকক্ষে ডিজিটাল যন্ত্রপাতি সরবরাহ করা, সুপেয় পানি ও পয়োনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের বিনা মূল্যে বা কিস্তিতে ল্যাপটপ প্রদান ও পুরো বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে ইন্টারনেট সংযোগের (ওয়াই-ফাই) ব্যবস্থা করা, গবেষণাগারের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, আবাসিক হলের পরিবেশ উন্নয়ন, খেলার মাঠ ভাড়া না দেওয়া, যৌন নিপীড়নবিরোধী সেলের ভূমিকা ত্বরান্বিত করা।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, এই দাবিগুলো শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে, তাঁদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যেকোনো উদ্যোগে ছাত্রলীগ সহযোগিতা করবে।
এক প্রশ্নের জবাবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের জন্য ছাত্রলীগ সব ধরনের সহযোগিতা করবে। কোনো অপকর্মের জন্য অভিযুক্ত কাউকে ছাত্রলীগের কোনো কমিটিতে নেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।