ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল, আটক ৩
বিএনপি জোটের ডাকা হরতালের সমর্থনে আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন আবদুল আল রিয়াদ, শফিকুল ইসলাম ও খোরশেদ আলম।
শাহবাগ থানার পুলিশের ভাষ্য, রিয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শফিকুল স্টেট ইউনিভার্সিটির ছাত্র। খোরশেদ ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা ছাত্রদলের কর্মী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল সোয়া আটটার দিকে কলাভবনের সামনে থেকে ছাত্রদলের মিছিলটি বের হয়। মিছিলে ২০-২৫ জন ছিলেন। মিছিলটি টিএসটির দিকে যাওয়ার সময় ধাওয়া দেয় পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার অভিযোগে ওই তিনজনকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে আজ সারা দেশে সকাল-সন্ধ্যার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।