ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪-৫ ফেব্রুয়ারি ছাত্রদলের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত, নেতা–কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ৪ ও ৫ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল। ওই দুই দিনের মধ্যে দাবি পূরণে ব্যর্থ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র ধর্মঘট চলার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, বিগত আওয়ামী সরকারের পাঁচ বছর ও ৫ জানুয়ারির তামাশার নির্বাচনে গঠিত অবৈধ সরকারের এক বছরে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেই খুন হয়েছে ৫০ জনের অধিক মেধাবী শিক্ষার্থী। শুধু তা–ই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিচ্ছিন্ন ছাত্রলীগ সাধারণ ছাত্রদেরকে তাদের দলীয় কর্মসূচিতে যেতে চাপ প্রয়োগ করছে। তুচ্ছ কারণে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাচ্ছে। শিক্ষক নিয়োগে মেধাহীন ছাত্রলীগের ক্যাডারদেরকে নিয়োগ দিচ্ছে প্রশাসন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ছাত্রলীগের আজ্ঞাবহ এবং ছাত্রলীগের অপকর্মের দোসর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন ছাত্রলীগকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন। তিনি সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকত্ব না করে ছাত্রলীগের অভিভাবক হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অবিলম্বে এসব অপকর্ম বন্ধ করুন। আর সাধারণ ছাত্রছাত্রীর কথা বিবেচনায় রেখে দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে লাগাতার ধর্মঘট দিতে বাধ্য হবে।’