ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্ববিদ্যালয় অনুগত দাস তৈরির কারখানা নয়’ স্লোগান সামনে রেখে গতকাল বুধবার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৩১তম সম্মেলন শুরু হয়েছে। এ উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। সম্মেলনের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হতে পারে।

গতকাল সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, যখনই এই বাংলাদেশে জাতির ক্রান্তিলগ্ন উপস্থিত হয়েছে, তখনই ছাত্র ইউনিয়ন এগিয়ে এসেছে। বাংলাদেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষাবাণিজ্য প্রতিরোধ করতে ছাত্রদের আরও পরিশ্রমী ও সংগ্রামী ভূমিকা পালন করতে হবে। সব বিশ্ববিদ্যালয়কে জনগণের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গণবিরোধী স্বৈরাচারী রাষ্ট্রক্ষমতাকে প্রশ্ন করে গণতন্ত্রের দর্শনকে ব্যাখ্যা করার ইতিহাস। সব গণবিরোধী রাষ্ট্রীয় চুক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রশ্ন করতে হবে। রামপাল চুক্তি বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে।

সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী বলেন, অবিলম্বে ডাকসুসহ সব ছাত্র সংসদে নির্বাচন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাসত্বের আনুগত্যে প্রশ্ন করতে ভুলে যায়, তাহলে বুঝতে হবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা সঠিক নেই।

সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাসের পরিচালনায় এ সময় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান তারেক, কেন্দ্রীয় সহসভাপতি আবু তারেক সোহেল, সাধারণ সম্পাদক জি এম জিলানী প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়। সেখানে রাজু ভাস্কর্যের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।