ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে নতুন নেতৃত্ব
আবিদ আল হাসানকে সভাপতি ও মোতাহার হোসেনকে সাধারণ সম্পাদক করে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল গতকাল প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
আবিদ আল হাসান এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক এবং মোতাহার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক ছিলেন। আবিদ আল হাসানের বাড়ি বরিশাল এবং মোতাহার হোসেনের বাড়ি বাগেরহাটে।
১১ জুন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ইচ্ছুক নেতা-কর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। ১৯১ জন নেতা-কর্মী সভাপতি ও সাধারণ সম্পাদক হতে জীবনবৃত্তান্ত জমা দেন। তবে ওই সম্মেলনে কোনো ভোটাভুটি হয়নি। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতারা এই নতুন কমিটি করেন।