ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন মোতাহার হোসেন (প্রিন্স)।
আজ বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রথম আলোকে এ তথ্য জানান। এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমও তাঁর ফেসবুকের পাতায় নতুন এ কমিটির কথা জানিয়েছেন।
আবিদ আল হাসান এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও মোতাহার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক ছিলেন। আবিদ আল হাসানের বাড়ি বরিশাল এবং মোতাহার হোসেনের বাড়ি বাগেরহাটে।

গত ১১ জুন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ইচ্ছুক নেতা-কর্মীদের কাছ থেকে জীবন-বৃত্তান্ত সংগ্রহ করা হয়। ১৯১ জন নেতা-কর্মী সভাপতি ও সাধারণ সম্পাদক হতে জীবন-বৃত্তান্ত জমা দেন। তবে ওই সম্মেলনে কোনো ভোটাভুটি হয়নি। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতারা আলাপ-আলোচনা করে ওই দুজনকে নির্বাচিত করেছেন।