ঢাকা মহানগর আ.লীগ দুই ভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণে ভাগ করে আওয়ামী লীগের দুটি কমিটি ঘোষণা করেন সৈয়দ আশরাফুল ইসলাম  l ছবি: প্রথম আলো
আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণে ভাগ করে আওয়ামী লীগের দুটি কমিটি ঘোষণা করেন সৈয়দ আশরাফুল ইসলাম l ছবি: প্রথম আলো

ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণে ভাগ করে আওয়ামী লীগের দুটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি ঢাকা-১১ আসনের সাংসদ এ কে এম রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক সাদেক খান এবং দক্ষিণের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
গতকাল রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলটির ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দুটি কমিটির ঘোষণা দেন। এরপর তিনি ঢাকা মহানগরের ৫০টি থানা (উত্তরে ২৬ ও দক্ষিণে ২৪) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এখন থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ ও ‘ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ’ নামে পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উত্তরের সাংগঠনিক ১০টিসহ ৪৬টি ওয়ার্ড ও ৯টি ইউনিয়ন এবং দক্ষিণের ৫৭টি ওয়ার্ড ও ৮টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে, মহানগর কমিটি হবে ৭১ সদস্যবিশিষ্ট। থানা আওয়ামী লীগের কমিটি হবে ৬৭ সদস্যের। আর ওয়ার্ড কমিটি হবে ৬৫ সদস্যের। সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি কবে হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। আর সাংবাদিকদের কোনো প্রশ্নও নেওয়া হয়নি। তবে দলীয় সূত্র বলেছে, মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করাই আছে। যেকোনো সময় ঘোষণা করা হতে পারে। তবে থানা, ওয়ার্ড ও ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। কিছুটা সময় লাগবে।
উত্তরের সভাপতি এ কে এম রহমত উল্লাহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আর সাধারণ সম্পাদক সাদেক খান বিদায়ী কমিটিতে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দক্ষিণের সভাপতি আবুল হাসনাত লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক শাহে আলম ছিলেন আগের মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক।
কমিটি ঘোষণার পর জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণের কমিটি শক্তিশালী হয়েছে। ভবিষ্যতে এই কমিটি নির্বাচন ও আন্দোলনে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের জন্য পৃথক দুই কমিটি করার দায়িত্ব পালন করায় সৈয়দ আশরাফ তাঁদের ধন্যবাদ জানান।
কমিটির নাম ঘোষণা উপলক্ষে ধানমন্ডির কার্যালয়ে প্রচুর নেতা-কর্মী ভিড় করেন। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁরা নিজ নিজ নেতার পক্ষে স্লোগান দেন। অনেক নেতা-কর্মী ফুলের তোড়া নিয়ে আসেন। এ সময় আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।
প্রায় সাড়ে নয় বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। কাউন্সিলররা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষমতা দেন। এর আগের কমিটির সভাপতি ছিলেন মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ২০০৬ সালের নভেম্বরে মারা যান মোহাম্মদ হানিফ। তাঁর মৃত্যুর পর ১ নম্বর সহসভাপতি ওমর আলী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর এক-এগারোর পরিবর্তিত পরিস্থিতিতে এই দায়িত্ব পান আরেক সহসভাপতি এম এ আজিজ। গত ২৩ জানুয়ারি এম এ আজিজ মারা যান।