ঢাকা মহানগর আ.লীগকে দুই ভাগ করার বিপক্ষে তৎপরতা
ঢাকা মহানগর আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুই ভাগ করার সিদ্ধান্ত আবারও ঝুলিয়ে দিতে চায় মহানগরের বর্তমান নেতৃত্ব।
দলীয় সূত্রগুলো জানায়, ঢাকা মহানগরে একটি কমিটি রাখার পক্ষে বর্তমান নেতৃত্ব অনেক দিন ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে সম্প্রতি দুই ভাগে বিভক্ত করার পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়। এ অবস্থায় নতুন কমিটি ঘোষণা আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন মহানগরের বর্তমান দুই শীর্ষ নেতা।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগ করে নতুন কমিটি অনেকটা চূড়ান্ত করেছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বা আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণার পরিকল্পনা আছে। কিন্তু মহানগরের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এবং সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শীর্ষ নেতৃত্বের কাছে নতুন কমিটি ঘোষণা কিছুটা পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে এম এ আজিজ প্রথম আলোকে বলেন, ‘ঢাকা মহানগরের সাংগঠনিক কাঠামো কেমন হলে দলের জন্য ভালো হবে, সে ব্যাপারে আমাদের ধারণা আছে। কারণ, আমরা দীর্ঘদিন ধরে সংগঠন করছি। তবে গণমাধ্যমে সরাসরি কোনো মত দিতে চাই না, যদি তা দলীয় সভানেত্রীর মতামতের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। কারণ, কাউন্সিল কমিটি গঠনের জন্য নেত্রীকে দায়িত্ব দিয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুজন নেতা জানান, আয়তন এবং লোকসংখ্যায় ঢাকা মহানগর বড় হয়ে যাওয়ায় সাংগঠনিক সুবিধার জন্যই মহানগর উত্তর ও দক্ষিণ নামে দুটি কমিটি করা হচ্ছে। কেউ বিরোধিতা করলেও এ সিদ্ধান্ত থেকে দলীয় প্রধান সরে আসবেন না।
এই দুই নেতা জানান, প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করে এক বছরের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করার চিন্তাও আছে। এ ক্ষেত্রে মহানগর উত্তর কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে যথাক্রমে এ কে এম রহমতউল্লাহ ও সাদেক খানকে মনোনীত করার সিদ্ধান্ত অনেকটা চূড়ান্ত। তবে মহানগর দক্ষিণে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা এখনো ঠিক করা হয়নি। এ ক্ষেত্রে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ কয়েকজন দলীয় প্রধানের বিবেচনায় রয়েছেন। তবে মোফাজ্জল হোসেন চৌধুরী ঢাকা মহানগরের একক কমিটির সভাপতি হতে চান। তিনি বিষয়টি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেনও।
আওয়ামী লীগের ঢাকা মহানগরের সম্মেলন হয় ২০১২ সালের ২৮ ডিসেম্বর। কিন্তু এখনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি। একক কমিটি হবে, নাকি দুই ভাগ হবে, তা নিয়ে প্রায় দুই বছর টানাপোড়েন চলছে। ফলে পুরোনো কমিটিই বহাল রয়েছে।
জেলা সম্মেলনের প্রস্তুতি: দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত শুক্রবার দলের ধানমন্ডির কার্যালয়ে বৈঠক করে দ্রুত তৃণমূলের সম্মেলন শেষ করার নির্দেশনা দেন। এরপর আগামী মাসের মধ্যে জেলা সম্মেলন শেষ করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ১০টি সাংগঠনিক দল গঠন করা হয়েছে। এরই মধ্যে মুন্সিগঞ্জ, ঠাকুরগাঁও ও রাজশাহী মহানগরের সম্মেলন হয়েছে। আগামীকাল জয়পুরহাট জেলার সম্মেলন হওয়ার কথা রয়েছে।