ঢাকা মহানগর আ.লীগে দুটি কমিটি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করে দুটি আলাদা কমিটি করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান সৈয়দ আশরাফ। 
৫ জানুয়ারির নির্বাচনের পর গতকাল শুক্রবার প্রথম ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে যান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ওই কার্যালয়ে যান বিকেল চারটা ৩৫ মিনিটে। সেখানে তাঁকে স্বাগত জানান সৈয়দ আশরাফ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বের হন পাঁচটা ৫০ মিনিটে। প্রধানমন্ত্রী সেখানে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং মাগরিবের নামাজ আদায় করেন। প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের ব্রিফ করেন।
সৈয়দ আশরাফ বলেন, আগে ঢাকা মহানগর আওয়ামী লীগের একটি কমিটি হতো। এখন ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত। তাই আওয়ামী লীগের কমিটিও দুটি করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই কমিটি গঠন করা হবে। প্রথমে আহ্বায়ক কমিটি করা হবে। এরপর কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
দলীয় সূত্র জানায়, ২০১২ সালের ডিসেম্বরে ঢাকা মহানগরে আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল।
সৈয়দ আশরাফ বৈঠক সম্পর্কে বলেন, একসময় এই কার্যালয় থেকেই দলীয় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার কারণে শেখ হাসিনা ধানমন্ডি কার্যালয়ে নিয়মিত আসতে পারেন না। কারণ, নিরাপত্তা কড়াকড়ির কারণে আশপাশের বাসিন্দাদের চলাচল এবং সেখানকার কমিউনিটি সেন্টারের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। গতকাল প্রধানমন্ত্রী এসে সাংগঠনিক যেসব জেলার সম্মেলন হয়েছে বা হবে, সে সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। কয়টি জেলার সম্মেলন হয়েছে, কয়টি বাকি আছে, কখন শেষ হবে, তাও জানতে চেয়েছেন তিনি। বাকি জেলাগুলোর সম্মেলন দ্রুত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় কাউন্সিল করার নির্দেশনা দিয়েছেন তিনি।
সব জেলার সম্মেলন কবে নাগাদ শেষ হবে—জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, সম্মেলন একটি চলমান প্রক্রিয়া। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, সামরিক সংগঠন নয়। এখানে নিয়মমতো এবং ঐতিহ্য অনুসারে কাউন্সিল হয়।
তিন বছরের মেয়াদ পুরো করে জাতীয় কাউন্সিল হবে, নাকি আগেই হওয়ার সম্ভাবনা আছে—এমন প্রশ্নের জবাবে আশরাফ বলেন, অনেক সময় তিন বছরে হয়, আবার নানা দুর্যোগের কারণে সাত বছর পরও হয়। তবে জাতীয় সম্মেলনের জন্যই তৃণমূলের সম্মেলন হচ্ছে। জাতীয় সম্মেলন নির্ধারিত সময়েই হবে। এ ছাড়া দলের বাজেট অনুমোদনের জন্য শিগগিরই দলের জাতীয় কমিটির বৈঠক ডাকা হবে।
৫ জানুয়ারির নির্বাচনের আগে অনেক জেলা-উপজেলায় আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ভেঙে পড়তে দেখা গেছে। এসব এলাকার বর্তমান অবস্থা কী—জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, তখন বিএনপি-জামায়াত প্রতিহিংসার বশবর্তী হয়ে সংঘাত কায়েম করেছিল। এখন সারা দেশই সরকার ও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আছে।
বৈঠকে উপস্থিত একজন নেতা বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে ওই অর্থে কোনো বক্তৃতা করেননি। আলাপচারিতার মতো করে সংগঠনের খোঁজখবর নিয়েছেন। তৃণমূল পর্যায়ের সম্মেলনের অগ্রগতি সম্পর্কে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তৃণমূলের সম্মেলন সফল করতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে যেসব কমিটি করা হয়েছে, তাঁদের ঢাকার বাইরে সফর করতে বলেছেন।
মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয় না: সম্প্রতি লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত। এ সম্পর্কে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয় না। পৃথিবীর কোনো আদালতে এমন মামলা হয় না, বাংলাদেশেও এমন আইন নাই। এই আইন সম্পর্কে তাঁর (তারেক রহমান) ধারণা নাই। এই জ্ঞান যার নাই, বাকি বিষয়ে তাঁর জ্ঞান কেমন, তা আপনারাই বিবেচনা করুন। তারেকের মতো অর্বাচীনের কথা গুরুত্বও দেওয়ার সুযোগ নেই।’
যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার বিষয়ে এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, রায় হচ্ছে, কার্যকর হবে। এই ব্যাপারে তো কোনো রকম সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়।
শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।