অবশেষে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
এর পাঁচ মাস আগে গত ১০ এপ্রিল ঢাকা মহানগরকে দুই ভাগ করে উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছিল আওয়ামী লীগ। তখন উত্তরে এ কে এম রহমত উল্লাহকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক করা হয়। আর দক্ষিণে আবুল হাসনাত সভাপতি ও শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে ঢাকার দুই মেয়রকে রাখা হয়েছে। এর মধ্যে আনিসুল হক আছেন উত্তরের কমিটির উপদেষ্টা পরিষদে। আর সাঈদ খোকন দক্ষিণের সদস্য।
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাখা হয়েছে গুরুত্বহীন পদে। তাঁদের মহানগর দক্ষিণ কমিটির উপদেষ্টা করা হয়েছে। আর লালবাগের সাংসদ হাজি সেলিমকে করা হয়েছে দক্ষিণের কমিটির সদস্য। এর আগে যখন দুই মহানগরের একক কমিটি ছিল, তার সাধারণ সম্পাদক ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী। কামরুল ও হাজি সেলিম ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় হাজি সেলিমকে তখন দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ৬ সেপ্টেম্বর দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে যাঁদের বহিষ্কার করা হয়েছিল, তাঁদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তবে আবেদন করে প্রাথমিক সদস্যপদ ফিরে পাওয়ার শর্ত ছিল। হাজি সেলিম তড়িঘড়ি করে প্রাথমিক সদস্যপদ নিয়েছেন।
দলীয় সূত্রগুলো জানায়, মোফাজ্জল হোসেন চৌধুরীর অবস্থান নড়বড়ে হয়ে পড়ার কারণ তাঁর মেয়ের জামাই লে. কর্নেল (অব.) তারেক সাঈদ। র্যা বের সাবেক এই কর্মকর্তা নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর শ্বশুরের রাজনীতিতেও এর প্রভাব পড়ে। আর খাদ্যমন্ত্রী কামরুল ‘গম কেলেঙ্কারি’ ও আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত হয়ে সমালোচনায় পড়েছেন।
তবে দলের একটি সূত্র বলছে, এই দুজনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। মোফাজ্জল হোসেন চৌধুরী কেন্দ্রীয় কমিটির সদস্য।
কমিটি সম্পর্কে জানতে চাইলে দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ গতকাল প্রথম আলোকে বলেন, কমিটি ভালো হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত ব্যক্তিরাই স্থান পেয়েছেন। জঙ্গিবাদ নির্মূল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে এই কমিটি সক্ষমতা দেখাতে পারবে।
এদিকে মহানগর উত্তর কমিটিতে উপদেষ্টা হিসেবে স্থান দেওয়া হয়েছে সাবেক সাংসদ এইচ বি এম ইকবালকে। তাঁকে দীর্ঘদিন দলীয় রাজনীতিতে দেখা যায়নি। উপদেষ্টা পরিষদে আছেন সাংসদ কামাল আহম্মেদ মজুমদারও।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল ২০১২ সালের ডিসেম্বরে। তিন বছর তিন মাস পর উত্তর ও দক্ষিণে ভাগ করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয় গত ১০ এপ্রিল। ওই দিন থানা ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছিল। পাঁচ মাস পর গতকাল ঘোষণা করা হলো পূর্ণাঙ্গ কমিটি। এর মধ্যে উত্তরের কমিটি ৭৮ জনের এবং দক্ষিণে ৭৫ জনের কমিটি।