ঢাকা মহানগরের ১৫ আসনে ২১৩ জন প্রার্থীর মধ্যে বাদ পড়লেন ৫২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি উপস্থিত ছিলেন। ছবি: আসাদুজ্জামান
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি উপস্থিত ছিলেন। ছবি: আসাদুজ্জামান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের ১৫টি আসনের ২১৩ জন প্রার্থীর মধ্যে ১৬১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৫২ প্রার্থীর মনোনয়নপত্র।

আজ রোববার ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই করা হয়। সন্ধ্যার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম সাংবাদিকদের এসব তথ্য জানান।
রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা-৪ আসনে মোট প্রার্থী ছিল ১৫ জন। এর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ছয়জনের মনোনয়নপত্র।

ঢাকা-৫ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ১১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে দুজনের মনোনয়ন। বিএনপির মনোনীত প্রার্থী সেলিম ভূঁইয়া ঋণ খেলাপি হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

ঢাকার-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাজী সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তিনি ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। ছবি: আসাদুজ্জামান
ঢাকার-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাজী সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তিনি ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। ছবি: আসাদুজ্জামান

ঢাকা-৬ আসনে মনোনয়নপত্র জমা দেন ১৩ জন প্রার্থী। এর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে দুজনের মনোনয়নপত্র। ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের প্রার্থিতা সকালে স্থগিত করা হয়। সন্ধ্যার সময় সাংবাদিকদের রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম জানান, ইশরাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় সকালে তাঁর প্রার্থিতা স্থগিত করা হয়। পরে কাগজপত্র যাচাইবাছাই সাপেক্ষে ইশরাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা-৭ আসনে ১৯ জন মনোনয়নপত্র জমা দিলেও ১৫ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে নাসিমা আক্তার কল্পনা ঋণ খেলাপি। যে কারণে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে। নাসিমা আক্তার বিএনপির প্রার্থী।

ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী আবদুস সালামের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তিনি ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: আসাদুজ্জামান
ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী আবদুস সালামের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তিনি ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: আসাদুজ্জামান

ঢাকা-৮ আসনে ২২ জনের মধ্যে ১৫ জনের মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।

ঢাকা-৯ আসনে ১০ জনের মধ্যে ৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে তিনজনের। এর মধ্যে একজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। যিনি মহিলা দলের সভাপতিও। রিটার্নিং কর্মকর্তা জানান, ঋণ খেলাপি ও বকেয়া বিল থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। ছবি: আসাদুজ্জামান
ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। ছবি: আসাদুজ্জামান

ঢাকা-১০ আসনে ৯ জনের মধ্যে ৮ জন, ঢাকা-১১ আসনে ১১ জনের মধ্যে ১০ জন, ঢাকা-১২ আসনে ৮ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ঢাকার রিটার্নিং কর্মকর্তা।
এ ছাড়া ঢাকা-১৩ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সবাইকে বৈধ প্রার্থী বলে ঘোষণা করা হয়েছে।
ঢাকা-১৪ আসনে ১৩ জনের মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। ঢাকা-১৫ আসনে ১৬ জনের মধ্যে ১৩ জন, ঢাকা-১৬ আসনে ১০ জনের মধ্যে ৬ জন, ঢাকা-১৭ আসনে ২৭ জনের মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: আসাদুজ্জামান
ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: আসাদুজ্জামান

ঢাকা-১৭ আসনে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। নাজমুল হুদা সাংবাদিকদের জানান, বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন।

ঢাকা-১৮ আসনে ১৫ জনের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম জানান, যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁরা নির্বাচন কমিশন সচিব বরাবর আপিল করতে পারবেন। তিন দিনের মধ্যে আপিল করতে হবে।

ঢাকা-১৭ আসনে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। পরে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। ছবি: আসাদুজ্জামান
ঢাকা-১৭ আসনে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। পরে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। ছবি: আসাদুজ্জামান

কে এম আলী আজম বলেন, ঋণ খেলাপি হওয়ার কারণে বেশির ভাগ প্রার্থীর মনোনয়ন বাতিল বিবেচিত হয়েছে। আর যারা স্বতন্ত্র প্রার্থী তাঁদের অনেকের মনোনয়ন বাতিল করা হয়েছে। কারণ স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সাক্ষ্য প্রতিবেদন জমা দিতে হয়। যাচাইবাছাইয়ের সময় এখানে গরমিল পাওয়া গেছে।