ঢাকায় গণমিছিল হয়নি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের 'ঝটিকা' মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমিছিলের ঘোষণা দিলেও গতকাল সোমবার রাজধানী ঢাকার কোথাও বিএনপি এককভাবে কোনো মিছিল বের করেনি। কয়েকটি এলাকায় দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ‘ঝটিকা’ মিছিল করেছে। স্বল্পস্থায়ী এসব মিছিলে ১০-১৫ জনের মতো অংশগ্রহণ করেন।
নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য সংসদ নির্বাচনের দাবি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী নেতা-কর্মীদের গুম-খুন, গণগ্রেপ্তার, বিচারব্যবস্থায় হস্তক্ষেপ ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে হরতালের পাশাপাশি গতকাল সারা দেশে গণমিছিলের কর্মসূচি ছিল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বাংলা একাডেমির সামনে, কাঁটাবন ও আজিজ সুপার মার্কেটের সামনে এবং বেলা আড়াইটায় শাহবাগ এলাকায় তিন দফায় ঝটিকা মিছিল করে ছাত্রদল। কয়েক মিনিট স্থায়ী এসব মিছিল পুলিশ আসার আগেই ছত্রভঙ্গ হয়ে যায়। বেলা দুইটার দিকে শ্যামলীতে এমন একটি মিছিল হয় ছাত্রদলের। দুপুরে উত্তরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল বের করা হলেও পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। মাদারটেক আকবরবাড়ির মোড় থেকে এবং ধোলাইখালে পৃথক মিছিল করে ছাত্রদল।
এদিকে রমনা থানা জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান ও স্থানীয় বিএনপির নেতা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে সকাল আটটার দিকে মগবাজার চৌরাস্তা থেকে দল দুটি যৌথভাবে একটি মিছিল বের করে। এতে ১০-১২ জন অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
২০ দলের ব্যানারে সকাল সাড়ে ছয়টা থেকে আটটার মধ্যে উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায়, ডেমরার রানীমহলে, মিরপুর ১১ নম্বরে, শনির আখড়ায়, শ্যামপুরের চেয়ারম্যানবাড়িতে, তেজগাঁও, গোড়ান ও মতিঝিলের কালভার্ট রোড এলাকায় স্বল্পস্থায়ী ‘ঝটিকা’ মিছিল করে জামায়াত ও ছাত্রশিবির।
খালেদার কার্যালয়ের আবর্জনা পরিষ্কার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দীর্ঘদিন জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। বেলা পৌনে দুইটার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা বস্তায় ভরে আবর্জনা বের করে আনেন।