পাঁচ মাস পর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিলেও গতকাল রোববার রাজধানীতে কোথাও বিএনপির নেতাদের কাউকে দেখা যায়নি। নগরীর কয়েকটি এলাকায় ঝটিকা মিছিলে সীমিত ছিল এই কর্মসূচি।
ঢাকার বাইরে কয়েকটি জেলায় কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। কয়েকটি জেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল রোববার সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার এই কর্মসূচি দিয়েছিল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
গত ৫ জানুয়ারি থেকে তিন মাস লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচির পর পাঁচ মাস ধরে চুপচাপ আছে বিএনপি জোট। এরপর গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জোটের পক্ষ থেকে গতকালের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
রাজধানীর কোথাও সমাবেশ তো দূরের কথা বড় কোনো মিছিলও দেখা যায়নি। কেবল কয়েকটি এলাকায় ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এটি ছিল জনগণের কর্মসূচি। কিন্তু সরকারের বাধার কারণে বিভিন্ন জায়গায় তাঁরা কর্মসূচি পালন করতে পারেননি। তিনি বলেন, ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি বিএনপির সাংগঠনিক দুর্বলতাও অস্বীকার করা যায় না।
গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিএনপি দাবি করেছে রাজধানীর বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর, দক্ষিণখান, ওয়ারী, মুগদা, খিলগাঁও, শাহবাগ, ঢাকা মেডিকেল কলেজ, সবুজবাগ, মতিঝিল, শ্যামপুর, মিরপুরের কালশী, পল্টন, তেজগাঁও, শেরেবাংলা নগর, সুত্রাপুর ও জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। মতিঝিলে মিছিল থেকে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে দাবি করে, সংগঠনটির নেতা-কর্মীরা শাহবাগ মোড় থেকে কাঁটাবন মোড় পর্যন্ত এলাকায় মিছিল করেন।
বিভিন্ন স্থানে বাধা: প্রথম আলোর প্রতিনিধিরা জানান, কয়েকটি জেলায় কর্মসূচি পালনে বিএনপিকে বাধা দিয়েছে পুলিশ। এর মধ্যে বরিশালের জেলখানা মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে বিএনপির নেতা-কর্মীদের পুলিশ লাঠিপেটা করে। এতে কয়েকজন আহত হন। সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ। এরপর অশ্বিনী কুমার হল-সংলগ্ন জেলা বিএনপি কার্যালয় সম্মুখে বিক্ষোভ সমাবেশ করতে চাইলে তাতেও বাধা দেওয়া হয়। পরে কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা।
ফরিদপুরে ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিএনপি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সিরাজদিখানে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা।
এর বাইরে নোয়াখালী, রাঙামাটি, পিরোজপুর, মাগুরা, রংপুর মহানগর, রংপুর জেলা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, নওগাঁ, নড়াইল ও ময়মনসিংহ সদরে পুলিশের বাধার কারণে কর্মসূচি পালন করা সম্ভব হয়নি বলে কেন্দ্রীয় বিএনপি অভিযোগ করেছে।
এ ছাড়া ঠাকুরগাঁও, কুমিল্লা, চাঁদপুর ও কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়েছে এবং সাতক্ষীরায় কর্মসূচি পালনের কোনো আয়োজন ছিল না।